প্রথমবার অচেনা ক্যারিবিয়ান দেশের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা

আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

আগামী অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র সফর করবে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এই সফরে তারা দুটি প্রীতি ম্যাচ খেলবে। এর একটি ভেনেজুয়েলার বিপক্ষে মায়ামিতে, আর শিকাগোতে তাদের দ্বিতীয় ম্যাচের পুয়ের্তো রিকো। এর মাঝে ক্যারিবিয়ান অঞ্চলের দেশ পুয়ের্তো রিকোর বিপক্ষে প্রথমবার খেলবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

খ্যাতিমান সাংবাদিক গাস্তন এডুলের তথ্যানুযায়ী, ১০ অক্টোবর মায়ামিতে ভেনেজুয়েলার বিপক্ষে প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। এরপর ১৩ অক্টোবর শিকাগোতে তারা মুখোমুখি হবে পুয়ের্তো রিকোর। গত বৃহস্পতিবার বিশ্বকাপ বাছাইপর্বে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচে জোড়া গোল করেন লিওনেল মেসি এবং একটি গোল যোগ করেন লাউতারো মার্টিনেজ। পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ান।

যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে এরপর নভেম্বরে আরও দুটি প্রীতি ম্যাচ খেলতে আফ্রিকা ও এশিয়া সফর করবে আর্জেন্টিনা। আগামী ১০ থেকে ১৮ নভেম্বরের মধ্যে অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডা ও ভারতের কেরালায় দুটি ম্যাচ খেলবেন লিওনেল স্কালোনির শিষ্যরা। তবে এই দুটি ম্যাচের প্রতিপক্ষ এখনও চূড়ান্ত হয়নি।

ফিফা র‍্যাঙ্কিংয়ে বর্তমানে ১৫৭ নম্বরে থাকা পুয়ের্তো রিকো পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জে অবস্থিত একটি স্বশাসিত দ্বীপ। দ্বীপটি প্রশাসনিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সংযুক্ত। ভৌগোলিকভাবে দ্বীপটি উত্তর-পূর্ব ক্যারিবীয় সাগরের বৃহত্তর আন্তিলীয় দ্বীপশৃঙ্খলের সর্বপূর্বস্থিত দ্বীপ। পূর্ব-পশ্চিমে দেশটির সর্বোচ্চ দৈর্ঘ্য ১৭৯ কিলোমিটার, উত্তর-দক্ষিণে ৬৩ কিলোমিটার। পুয়ের্তো রিকোর রাজধানী সান হুয়ান, যেটি দেশটির বৃহত্তম বন্দরও বটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত