উচ্ছ্বাস-উদ্দীপনায় শেষ ভেনিস উৎসব

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৪ এএম

শুরুর মতো শেষটাও হলো উচ্ছ্বাস-উদ্দীপনায়। বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব ভেনিস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের ৮২তম আসরের পর্দা নামে গত শনিবার রাতে। বড় তারকাদের হারিয়ে এবারের উৎসবে পুরস্কার পেয়েছে স্বাধীন ঘরানার নির্মাতাদের সিনেমা। এরমধ্যে অনেকটা অপ্রত্যাশিতভাবে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কাক্সিক্ষত পুরস্কার স্বর্ণসিংহ (গোল্ডেন লায়ন) জিতে নিলেন যুক্তরাষ্ট্রের স্বাধীনধারার পরিচালক জিম জারমাশ। পারিবারিক কমেডি ধাঁচের ছবি ‘ফাদার মাদার সিস্টার ব্রাদার’ তাকে এই সম্মান এনে দিয়েছে। এটি তিন পর্বের একটি কাহিনি, যেখানে সরল কমেডির আঙ্গিকে দেখানো হয়েছে বাবা-মা ও প্রাপ্তবয়স্ক সন্তানের মধ্যকার টানাপড়েন। অনুষ্ঠানে স্বর্ণসিংহ হাতে ৭২ বছর বয়সী জিম জারমাশ বলেন, ‘আমরা যারা চলচ্চিত্র নির্মাণ করি, তাদের কাছে প্রতিযোগিতা ঠুনকো বিষয়। তবে এই অপ্রত্যাশিত সম্মান আমি সত্যিই গভীর কৃতজ্ঞচিত্তে গ্রহণ করছি।’

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় পাঁচ বছরের এক ফিলিস্তিনি শিশুহত্যার মর্মান্তিক বাস্তব ঘটনা নিয়ে নির্মিত ‘দ্য ভয়েস অব হিন্দ রাজাব’ নিয়ে বাজি ধরেছিলেন বোদ্ধাদের অনেকে। শেষ পর্যন্ত তিউনিসিয়ার কাওতার বেন হানিয়া পরিচালিত ছবিটি গ্র্যান্ড জুরি প্রাইজ হিসেবে পেয়েছে রৌপ্যসিংহ (সিলভার লায়ন)।

সেরা অভিনেতা হয়েছেন ইতালির টনি সেরভিল্লো। গত ২৭ আগস্ট শুরু হওয়া এবারের উৎসবের উদ্বোধনী ছবি পাওলো সরেন্তিনো পরিচালিত ‘লা গ্রাৎসিয়া’য় ক্ষমতার শেষ পর্যায়ে থাকা ইতালির একজন প্রেসিডেন্টের চরিত্রে অনবদ্য অভিনয় করেছেন তিনি। চীনের শিন ঝিলেই ‘দ্য সান রাইজেস অন আস অল’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত