জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি বিদ্যালয়ের চারতলা ভবন উদ্বোধন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির জলবায়ু বিষয়ক সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।
তিনি মেলান্দহ উপজেলা বিএনপির সভাপতি হিসেবেও দায়িত্বে রয়েছেন। তবে এই উদ্বোধনের বিষয়ে জানেন না শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ঘোষেরপাড়া ইউনিয়নের করিমুজ্জামান তালুকদার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কমিটির আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মিনহাজ উদ্দিন বলেন, “তাদেরকে বিশেষ কিছু বলতে পারি না। এটি বিদ্যালয় থেকে করা হয়নি, দলীয়ভাবে আয়োজন করা হয়েছে।”
শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে করিমুজ্জামান তালুকদার উচ্চবিদ্যালয়ে চারতলা ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করা হয়েছে।
নির্বাহী প্রকৌশলী জয়িতা অধিকারী জানান, “উদ্বোধনের বিষয়টি আমি জানি না। আমাকে কোনো দাওয়াতপত্র দেওয়া হয়নি। তবে ভবনের কাজ শেষ হওয়ায় আমরা এটি প্রতিষ্ঠান প্রধানের কাছে হস্তান্তর করেছি।”
উদ্বোধন উপলক্ষে ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা মন্ডলীর সদস্য মো. সৈয়দ হাফিজুল্লাহ বিজয়, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও ঘোষেরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রেজাউল করিম বুলবুল। এছাড়া উপজেলা-ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মী এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “উদ্বোধন যে কোনো সিনিয়র সিটিজেন বা রাজনৈতিক নেতা করতে পারেন। এটি সম্মানের বিষয়।”
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, “সরকার নেই, এমপি-মন্ত্রী পাওয়া যায় না। আমি নিজে রাজনীতি করি। আমার নেতাকে দিয়ে যে কোনো কাজের উদ্বোধন করাতে চাই। সভাপতি হিসেবে আমি নিজেই করতে পারতাম, তবে সম্মানের জন্য তাকে দাওয়াত দিয়েছি।”
ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ভাওয়াল কন্সট্রাকশন থেকে কাজটি মো. রাসেল মিয়া করেছেন। তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।
উচ্ছ্বাসে ভাসছেন পরী