কুড়িগ্রামে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানকে নির্যাতনের মামলায় কারাগারে থাকা সাবেক জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি ইউসুফ আবদুল্লাহ সুমনের একটি বেঞ্চ তাকে ছয় মাসের জামিন প্রদান করেন।
আদালতে আসামি পক্ষের শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফয়জুল্লাহ ফয়েজ ও ব্যারিস্টার জিয়াউর রহমান।
অপর পক্ষে সাংবাদিক আরিফুল ইসলাম রিগানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি।
গত ২ সেপ্টেম্বর সাংবাদিক আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের নামে মধ্যরাতে তার বাড়ি থেকে তুলে নিয়ে নির্যাতনের অভিযোগে করা মামলায় সুলতানা পারভীনের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত।
উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে সাংবাদিক আরিফুল ইসলামকে তার বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। পরে একটি ভ্রাম্যমাণ আদালত তাকে মাদক সংক্রান্ত মামলায় এক বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করে রাতেই জেলহাজতে পাঠানো হয়। তবে সাংবাদিকদের তীব্র আন্দোলনের মুখে পরদিনই জেলা প্রশাসনকে তাকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হয়।
