কোডিংয়ের দৌড়ে ডিপসিকের নতুন ‘সুপার এজেন্ট’

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১২:৩৮ এএম

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির প্রতিযোগিতায় নতুন উদ্যোগ নিয়েছে চীনা প্রতিষ্ঠান ডিপসিক। ওপেনএআই ও অ্যানথ্রপিকের কোডিং অ্যাসিস্ট্যান্টের সঙ্গে পাল্লা দিতে এবার ‘সুপার এজেন্ট’ নামে স্বয়ংক্রিয় এআই ব্যবস্থা তৈরির পরিকল্পনা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ডিপসিকের প্রস্তাবিত এই প্রযুক্তি মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই একসঙ্গে একাধিক কাজ পরিচালনা করতে পারবে। এর মূল উদ্দেশ্য বিভিন্ন এআই এজেন্টের মধ্যে কাজ ভাগ করে দেওয়া এবং তাদের কার্যক্রম সমন্বয় করা।

এ ব্যবস্থায় কেন্দ্রীয় একটি এআই এজেন্ট অন্য এজেন্টগুলোকে কাজ বুঝিয়ে দেবে। তারা স্বাধীনভাবে একই সময়ে কাজ সম্পন্ন করে অগ্রগতির তথ্য কেন্দ্রীয় এজেন্টকে জানাবে। ফলে ব্যবহারকারীকে প্রতিটি কাজ আলাদাভাবে পর্যবেক্ষণ করতে হবে না। কোনো সফটওয়্যারে ত্রুটির খবর এলে এজেন্ট নিজে থেকেই তা শনাক্ত করে সমাধানের চেষ্টা করতে পারবে। সমাধান পাওয়া গেলে পর্যালোচনার জন্য কোড মানুষের কাছে পাঠাবে।

ডিপসিকের পরীক্ষায় দেখা গেছে, নতুন পদ্ধতিতে একটি নির্দিষ্ট কাজ শেষ করতে ১৬ মিনিটের কম সময় লেগেছে। প্রচলিত পদ্ধতিতে একই কাজে সময় লেগেছে ২৯ মিনিটের বেশি।

তবে প্রযুক্তিটির নির্ভরযোগ্যতা, নিরাপত্তা ও তথ্যের গোপনীয়তা নিয়ে প্রশ্ন রয়েছে। ডিপসিক জানিয়েছে, ‘সুপার এজেন্ট’ এখনো প্রাথমিক গবেষণা পর্যায়ে রয়েছে। এটি পূর্ণাঙ্গ পণ্য নয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত