বৈষম্যবিরোধী আন্দোলনে দিনমজুর হত্যা 

সাবেক সংসদ সদস্য বিপ্লবের ৭ দিনের রিমান্ড মঞ্জুর 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩৩ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে দিনমজুর রিয়াজুল ফরাজী (৩৫) হত্যা মামলায় মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য মো. ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে মুন্সীগঞ্জ সদর আমলি আদালতে তাকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মুন্সীগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক শিপন আহমেদ। শুনানি শেষে আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানিক দাস সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।  বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সীগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কামরুল হাসান।

এরআগে চলতি বছরের ২২ জুন দিনগত রাত ১০ টার দিকে ঢাকার মনিপুরীপাড়ার একটি আবাসিক ভবন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফয়সাল বিপ্লবকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে গত ১ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শ্রমিক সজল হত্যা মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ। ওই মামলায় দুই দফায় ১২ দিনের রিমান্ড শেষে তাকে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। 

প্রসঙ্গত: ২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের কৃষি ব্যাংক এলাকায় আওয়ামী লীগ নেতাকর্মী ও বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র-জনতার সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দিনমজুর রিয়াজুলসহ তিন জনের মৃত্যু হয়। আহত হয় দেড় শতাধিক। ওই ঘটনায় দায়ের করা মামলায় আসামি করা হয় বিপ্লবকে। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে মো. ফয়সাল বিপ্লব মুন্সীগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত