মরক্কোর পর আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপে তিউনিসিয়া

 

আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১২ পিএম

মরক্কোর পর দ্বিতীয় আফ্রিকান দেশ হিসেবে আগামী বছর যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় হতে যাওয়া বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিয়েছে তিউনিসিয়া। ইকুয়েটোরিয়াল গিনির মাঠে যোগ করা সময়ে মোহামেদ আলি বেন রমধানের গোল এনে দেয় ১-০ গোলের এ জয় এবং ফিফা বিশ্বকাপ ২০২৬ এর টিকিট।

৮ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এইচ’ এ তিউনিসিয়া পৌঁছে গেছে অপ্রাপ্য দূরত্বে। দ্বিতীয় স্থানে থাকা নামিবিয়ার পয়েন্ট ১২ এবং হাতে আছে একটি ম্যাচ। তাদের পক্ষে আর কোনোভাবেই তিউনিসিয়ার সমান হওয়া সম্ভব না। এদিন বদলি নেমে মিডফিল্ডার বেন রমধান ৯৪তম মিনিটে ফিরাস চাওয়াতের পাস থেকে জয়সূচক গোলটি করেন। গত বছর তৃতীয় রাউন্ডে ইকুয়েটোরিয়াল গিনির বিপক্ষে ম্যাচে পেনাল্টি থেকে একমাত্র গোলটিও তিনি করেছিলেন।

ম্যাচ শেষে তিউনিসিয়ান টিভিকে ২৬ বছর বয়সী বেন রমধান বলেন, ‘যখন ফিরাস শেষ মুহূর্তে বল পেলেন, আমি জানতাম তিনি প্রতিপক্ষ খেলোয়াড়কে কাটিয়ে উঠবেন। তখনই আমি সামনে এগিয়ে গেলাম এবং গোল করার মতো জায়গায় নিজেকে নিয়ে আসি।’ এ বছর হাঙ্গেরির ফেরেঞ্চভারোস ছেড়ে মিশরীয় জায়ান্ট আল আহলিতে যোগ দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত