বগুড়ায় নিখোঁজের ৯দিন পর পুকুরে মিলল অটো চালকের মরদেহ

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১০:০০ এএম

বগুড়ার শেরপুরে নিখোঁজের ৯ দিন পর আবু বক্কর সিদ্দিক (৩৫) নামের এক অটোরিকশা চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাগড়া তালপাড়ার একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আবু বক্কর সিদ্দিক শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের গোসাইবাড়ি কলোনি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। নিখোঁজ হওয়ার নয়দিনেও তার কোন হদিস পায়নি পুলিশ। 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-একটি চক্র তার অটোরিকশা ছিনতাইয়ের পর হত্যা করে মরদেহ ফেলে রেখে যায়।

স্থানীয়রা জানান, পুকুরে মরদেহ ভেসে উঠার খবর ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় হাজারো মানুষ ভিড় করেন। এ সময় নিহতের স্ত্রীর আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ।

স্বজনরা জানান, গত ৩০ আগস্ট একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান থেকে ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নিজের অটোরিকশায় নতুন ব্যাটারি সংযোজন করেছিলেন আবু বক্কর। এরপর সকালে গাড়ি নিয়ে বের হওয়ার পর তিনি আর বাড়িতে ফেরেনি। পরে, উপজেলার ভবানীপুর ঘোগা ব্রিজ এলাকা থেকে তার অটোরিকশাটি উদ্ধার করা হলেও অটোটিতে ব্যাটারি ছিলনা। তিনিও নিখোঁজ ছিলেন। আজ পুকুরে মিলল তার মরদেহ। 

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত