দৌলতপুরে দুই পক্ষের সংঘর্ষে নিহত ২

আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ পিএম

কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত এবং আহত হয়েছেন অন্তত আরো ৫ জন। গতকাল মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের বাগোয়ান কান্দিপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

সংঘর্ষে নিহতরা হলেন- একই গ্রুপের সারভান সরদার (৩৫) এবং বায়জীদ সরদার (৪৫)। তারা একই গ্রামের বিছার সরদার ও হাসেম সরদারের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে বায়জীদ সরদার ও সোহেল মণ্ডলের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এরই জের ধরে মঙ্গলবার রাতে দুই গ্রুপের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে ধারাল অস্ত্রের আঘাতে সরদার গ্রুপের সারভান সরদার ঘটনাস্থলে নিহত হন এবং গুরুতর আহত অবস্থায় বায়জীদ সরদারকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।

সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ৫ জন আহত হলে তারা বিভিন্ন স্থানে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে ঘটনাস্থল থেকে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন। 

সংঘর্ষে নিহত হওয়ার ঘটনায় দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, স্থানীয় আধিপত্য নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে ১জন ঘটনাস্থলে এবং অপর ১জন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাস্থলে নিহত সারভান সরদারের মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সংঘর্ষের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান চালানো হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত