ট্রাম্পের পাল্টা শুল্ক

আলোচনার জন্য ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫২ এএম

বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্কের হার নিয়ে আলোচনার জন্য এবার ঢাকায় আসছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তরের (ইউএসটিআর) প্রতিনিধিদল। এতে পাল্টা শুল্ক আরও কমানো এবং চূড়ান্ত চুক্তির বিষয়গুলো নিয়ে আলোচনা হবে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

জানা গেছে, ১৪ সেপ্টেম্বর তিন দিনের সফরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে এই প্রতিনিধিদলের। এই দলের নেতৃত্ব দেবেন মার্কিন সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডেন লিঞ্চ, যিনি দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বাণিজ্যনীতি বাস্তবায়নের কাজে নিয়োজিত। এর আগে তিনি গত বছর জুলাই অভ্যুত্থানের আগে ও পরে দুবার ঢাকা সফর করেছেন, তবে শুল্কবিষয়ক আলোচনায় এটিই তার প্রথম সফর।

বাণিজ্য মন্ত্রণালয়ের সূত্র বলছে, সর্বশেষ বাংলাদেশি পণ্যের ওপর মার্কিন শুল্ক ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করার ঘোষণা দেয় ট্রাম্প। তবে বাংলাদেশের শুল্ক আরও কমিয়ে আনতে চায়। সে বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু আলোচনা হবে এ প্রতিনিধির সফরে। লিঞ্চের সফরের সময় যুক্তরাষ্ট্রের শুল্ক বিষয়ে দুই দেশের প্রস্তাবগুলো নিয়ে চূড়ান্ত আলোচনা হবে। চুক্তির নিয়ে অমীমাংসিত বিষয়গুলো উঠে আসবে আলোচনায়।

বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকের পাশাপাশি লিঞ্চ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়ামের সঙ্গে তার বৈঠক হতে পারে বলে জানা গেছে।

বাংলাদেশি পণ্য রপ্তানির ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত ২০ শতাংশ শুল্ক কার্যকর হলেও এ নিয়ে দুই দেশের মধ্যে এখনো চূড়ান্ত বাণিজ্য চুক্তি হয়নি। আলোচনার পর এ চুক্তি স্বাক্ষরের বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত