ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও এনসিপির যুগ্ম সদস্য সচিব আকরাম হোসেনকে মোদিবিরোধী আন্দোলনের মামলা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল–১৫ এর বিচারক চার্জ গঠনের শুনানি শেষে এ রায় ঘোষণা করেন।
রায়ে আদালত বলেন, মামলার ম্যারিট বিবেচনায় বিশেষ ক্ষমতা আইনের কোনো উপাদান পাওয়া যায়নি। এ কারণে তাদের অব্যাহতি দেওয়া হলো।
এদিন শুনানিতে আসামি পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মো. মুজাহিদুল ইসলাম, অ্যাডভোকেট মো. আবদুল্লাহ আল ফারুকসহ আরও অনেকে। রাষ্ট্রপক্ষে অংশ নেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও অন্যান্য সরকারি কৌঁসুলিরা।
আদালতের এ রায়ের মাধ্যমে দীর্ঘ পাঁচ বছরের মামলার জট থেকে মুক্তি পেলেন ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আখতার হোসেন ও এনসিপি নেতা আকরাম হোসেন।
২০২১ সালের ১৩ এপ্রিল পবিত্র রমজান উপলক্ষে অসুস্থ শরীর নিয়েও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দুস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন আখতার হোসেন। সে সময় আইনশৃঙ্খলা বাহিনী তাকে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে গ্রেপ্তার করে। পরে শাহবাগ থানার মামলায় তাকে গ্রেপ্তার থাকা অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের বিরুদ্ধে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে শান্তিপূর্ণ অবস্থানকে কেন্দ্র করে দায়ের করা মামলায় বিগত ২০২১ সালের ১৭ এপ্রিল শাহবাগ থানা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করেন।
বিমানবাহিনীর বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন ফুটবলাররা
ডেঙ্গুতে একদিনে প্রাণ গেল ৬ জনের