কুমিল্লার মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর দক্ষিণ ইউনিয়নের পাঁচকিত্তা পুরাতন বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। এতে প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, বুধবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত প্রায় বারোটার দিকে হঠাৎ দোকানটিতে আগুন দেখা যায়। মুহূর্তেই দোকানে থাকা মুরগি, কাঁচামাল, ডেকোরেটরের সামগ্রী, স্যানিটারি মালামাল, জেনারেটর মেশিনসহ অন্যান্য জিনিসপত্রে আগুন ছড়িয়ে পড়ে। পরে এলাকাবাসী চেষ্টা চালালেও দোকানটি সম্পূর্ণ পুড়ে যায়। এতে দোকানে থাকা নগদ দুই লক্ষাধিক টাকা সহ প্রায় দশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্থানীয়রা মনে করছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
পাশের সবজি ব্যবসায়ী তোফাজ্জল হোসেন বলেন, “মাঝরাতে খবর পেয়ে আমরা দৌড়ে বাজারে আসি। সবার সহযোগিতায় অল্পের জন্য আমার দোকানটি রক্ষা পেয়েছে। যদি আমার দোকানে আগুন লাগত, তাহলে আরও কয়েকটি দোকান পুড়ে যেত।”
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিক আব্দুল কাদির জানান, “অন্যান্য দিনের মতো সেদিনও দোকান গুছিয়ে তালা দিয়ে আমরা বাড়ি চলে যাই। দোকানে কেউ ছিল না। সাড়ে বারোটার দিকে গ্রাম পুলিশের মাধ্যমে আগুন লাগার খবর পাই। দোকানে প্রায় দুই লক্ষ টাকা নগদসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি এখন নিঃস্ব হয়ে গেছি।”
সমুদ্রগামী জাহাজ আমদানিতে মূসক অব্যাহতির সিদ্ধান্ত সরকারের
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতিকে নোটিশ 