সুন্দরবনে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র, গুলিসহ বনদস্যু রাঙ্গা বাহিনীর দুই সদস্যকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১২ সেপ্টেম্বর) ভোরে সুন্দরবনের শিবসা নদীর আদাছগি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বনদস্যুদের হাতে জিম্মি থাকা ৯ জেলেকে উদ্ধার করে কোস্ট গার্ড।
গ্রেপ্তাররা হলেন- নাসির মোল্লা ও মিন্টু সরদার। তাদের বাড়ি খুলনা জেলায়।
উদ্ধার জেলেরা হলেন- খুলনা জেলার রমজান মোড়ল, শুক্কুর আলী শেখ, শামীম শেখ, হান্নান শেখ, আবু হুরাই, আজগার শেখ, আতাউর শেখ, জাফর মল্লিক ও ইউনুস শেখ।
এই জেলেরা গত ৩ সেপ্টম্বর বনবিভাগের পাশপারমিট নিয়ে বনের ভেতরে মাছ শিকার করতে যায়।
মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোনের লেফটেন্যান্ট মো.তানভীর উদ্দিন বলেন, সুন্দরবনের আদাছগি এলাকায় বনদস্যু রাঙ্গা বাহিনীর সদস্যরা বনের ভেতরে মাছ শিকার করতে যাওয়া কয়েকজন জেলেকে মুক্তিপণের দাবিতে জিম্মি করে রেখেছে এমন সংবাদ পেয়ে কোস্ট গার্ডের একটি দল সেখানে অভিযানে যায়। পরে তাদের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা পালানোর চেষ্টা করলে কোস্ট গার্ডের সদস্যরা ধাওয়া করে দুজনকে ধরে ফেলে। এসময় সেখানে তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক, দুটি তাজা গুলি, আটটি গুলির খোসা তিনটি দেশিয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। একই সঙ্গে জিম্মি ৯ জেলেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার বিকেলে খুলনার দাকোপ থানায় তাদের সোপর্দ করে অস্ত্র আইনে একটি মামলা করেছে কোস্ট গার্ড।
