জাহাঙ্গীরনগরে শিক্ষিকা জান্নাতুলকে শেষ বিদায়

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩১ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে ভোট গণনার সময় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করা চারুকলা বিভাগের প্রভাষক জান্নাতুল ফেরদৌসের (৩২) নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বেলা সোয়া একটার দিকে জুমার নামাজের পর কেন্দ্রীয় খেলার মাঠে এ জানাজা সম্পন্ন হয়।

এদিন সকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণনার কাজে অংশ নিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন জান্নাতুল ফেরদৌস। তাৎক্ষণিকভাবে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অকস্মাৎ এ মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভোট গণনা কক্ষে উপস্থিত নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। অনেকেই কান্নায় ভেঙে পড়েন। সহকর্মীর এমন অপ্রত্যাশিত বিদায়ে ভোট গণনার পরিবেশ মুহূর্তেই ভারী হয়ে ওঠে।

এ সময় নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম মাইকে ঘোষণা দিয়ে বলেন, এমন পরিস্থিতিতে আমি আপনাদের সবার কাছে অনুরোধ করব, ওনার জন্য দোয়া করবেন। এই মুহূর্তে আমরা যেহেতু একটা কাজের মধ্যে আছি, আমরা চাইলেও কাজটি অসম্পূর্ণ রাখতে পারছি না। আমাদের এই কাজটাও চালিয়ে যেতে হবে।

দুপুরে লাশবাহী গাড়িতে করে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলাভবনের সামনে নিয়ে আসা হয় জান্নাতুল ফেরদৌসের মরদেহ। সহকর্মী, শিক্ষক ও ছাত্রছাত্রীরা শেষবারের মতো জান্নাতুলকে দেখতে ভীড় করেন সেখানে। চোখের অশ্রুতে শেষ বিদায় জানান তাকে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, জান্নাতুল ফেরদৌস জাকসু নির্বাচনে প্রীতিলতা হলের পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল ভোটগ্রহণ শেষে সন্ধ্যা সাতটার দিকে বাসায় চলে যান তিনি। রাতে ভোটগ্রহণ কার্যক্রমে ছিলেন না। পরে সকালে দায়িত্ব পালনে আসলে আটটা পনেরো মিনিটে সিনেট ভবনে পৌঁছে হঠাৎ জ্ঞান হারিয়ে পড়েন তিনি।

জান্নাতুল ফেরদৌস ২০১৮ এবং ২০১৬ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা (চিত্রকলা শৃঙ্খলা) বিভাগ থেকে এমএফএ এবং বিএফএ সম্পন্ন করেন। বর্তমানে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের চিত্রকলা ডিসিপ্লিনের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। তার গবেষণার মধ্যে রয়েছে চিত্রকলা, মুসলিম শিল্প এবং শিল্পের ইতিহাস।

বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, জান্নাতুল ফেরদৌস আমার মেয়ের মতো। বিভিন্ন সময়ে নানা বিষয়ে আমার সঙ্গে কথা বলত। আমি যেন আমার মেয়েকেই হারালাম।

জানাজা শেষে শিক্ষিকা জান্নাতুল ফেরদৌসকে তার নিজ গ্রাম পাবনায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত