ধনু নদে বাল্কহেডের ধাক্কায় স্পিডবোট ডুবে নিখোঁজ ৪

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩১ এএম

নেত্রকোনার খালিয়াজুরীতে ধনু নদে পণ্যবাহী বাল্কহেডের সঙ্গে স্পিডবোটের সংঘর্ষে তিন শিশুসহ এক নারী নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 নিখোঁজরা নেত্রকোনার খালিয়াজুরী থেকে স্পিডবোটে করে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। নিখোঁজ ব্যক্তিরা হলেন ইউনিয়নের বয়রা গ্রামের নবাব মিয়ার মেয়ে শিরিন আক্তার (১৮), আন্ধাইর গ্রামের স্বপন মিয়ার মেয়ে লায়লা (৭), নোপায়েল মিয়ার মেয়ে ঊষা মনি (৫) এবং সামসু মিয়ার মেয়ে সামিয়া (১১)। 

এ ঘটনায় গুরুতর আহত বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তারকে (৩০)  উদ্ধার করে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রউফ স্বাধীন জানান, আন্ধাইর গ্রামের নবাব মিয়ার ছেলে রানা মিয়ার বিয়ের বরযাত্রী নিয়ে যাওয়ার জন্য ভাড়ায় চালিত স্পিডবোটটি আনা হয়েছিল। বরযাত্রী রওনা হওয়ার আগে বিয়েবাড়ির ১৫ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি ঘুরতে বের হলে এ দুর্ঘটনা ঘটে। 

খালিয়াজুরী থানার ওসি মকবুল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং নিখোঁজদের উদ্ধারে ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ডুবুরি দল আনা হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত