নেপালে সংসদ নির্বাচন মার্চে

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৩৩ এএম

আগামী ৫ মার্চ নেপালে পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতি রাম চন্দ্র পৌডেল। শুক্রবার (১২ সেপ্টেম্বর) অন্তর্বর্তী সরকারপ্রধান হিসেবে সুশীলা কার্কির শপথ নেওয়ার পর রাষ্ট্রপতির দপ্তর থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়। খবর এনডি টিভি

প্রতিবেদনের বলা হয়, শপথ নেওয়ার পর কার্কি তার প্রথম সিদ্ধান্তে প্রতিনিধি পরিষদ ভেঙে দেওয়ার সুপারিশ করেছিলেন। এদিন শপথ নেওয়ার মধ্য দিয়ে নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার ইতিহাস গড়েন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। তার নেতৃত্বে ছোট মন্ত্রিসভার একটি সরকার গঠিত হয়েছে। এটির মেয়াদ থাকবে ৬ মাস। এই সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার নতুন নির্বাচন আয়োজনের ম্যান্ডেট দেওয়া হয়।

নেপালের জেন-জি আন্দোলনকারী, প্রেসিডেন্ট রাম চন্দ্র পৌডেল এবং সেনাপ্রধান অশোক রাজ সিগদেলের মধ্যে আলোচনায় মতৈক্য হওয়ার পরই কার্কিকে প্রধানমন্ত্রী করার সিদ্ধান্ত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা এবং দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ থেকে নেপালে গত তিন দিনের টানা বিক্ষোভে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি সরকারের পতন হয়।

৭২ বছর বয়সী সুশীলা কার্কি নেপালের প্রথম নারী প্রধান বিচারপতি ছিলেন। ২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত এ পদে ছিলেন তিনি। সেটিও ছিল ইতিহাস। এখন আরও এক ইতিহাসের সাক্ষী হল হিমালয়ের দেশ নেপাল।

গত ৮ সেপ্টেম্বর হাজার হাজার তরুণ সরকারের দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে রাস্তায় নামেন। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ওপর সরকারের নিষেধাজ্ঞা তাদের ক্ষোভ আরও বাড়িয়ে দেয়। তরুণদের বিক্ষোভের মুখে গত মঙ্গলবার নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি পদত্যাগ করেন। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত