নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব নেওয়ার পর শান্ত হচ্ছে নেপাল

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৪ পিএম

জেন-জি বিক্ষোভে উত্তাল নেপালে রাজনৈতিক পালাবদলের পর নতুন প্রধানমন্ত্রী হিসাবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন সুশীলা কারকি। নতুন প্রধানমন্ত্রী ক্ষমতায় আসার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দ ফেরানোর চেষ্টা চলছে নেপালে।

শুক্রবার রাতে শপথ গ্রহণের পর শনিবার থেকেই দায়িত্বভার তুলে নিয়েছেন মিজ কারকি। একদিকে যেমন হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন তেমনি, প্রশাসনিক বিষয়েও নজর রয়েছে।

প্রধানমন্ত্রী যদিও নিয়োগের পরই দেশের বেশিরভাগ অংশে আরোপিত কারফিউ এবং নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। তবে, কাঠমান্ডুর কিছু জায়গায় সমাবেশ এবং বিক্ষোভের উপর নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে।

অন্যদিকে, বিক্ষোভের কারণে গত পাঁচ দিন ধরে বন্ধ থাকার পর কাঠমান্ডুতে গণপরিবহন পুনরায় চালু হয়েছে। অগ্নিকাণ্ডের পরেও বেঁচে যাওয়া সামগ্রী উদ্ধার করে শুরু হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় ও অন্যান্য দফতর প্রস্তুতির কাজ। ধারণা করা হচ্ছে, খুব তাড়াতাড়ি একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

প্রধানমন্ত্রী সুশীলা কারকি বিক্ষোভের সময় আহতদের সঙ্গে দেখা করেছেন শনিবার। ন্যাশনাল ট্রমা সেন্টার এবং সিভিল সার্ভিস হাসপাতালে পৌঁছান শনিবার সকালে। হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তিনি।

অন্যদিকে, বিক্ষোভের সময় অগ্নিসংযোগ ও ভাঙচুরের হাত থেকে রক্ষা পাওয়া সামগ্রী পুরনো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নতুন অফিসে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। বিক্ষোভের সময় সিংহ দরবারে প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের কার্যালয় অগ্নিসংযোগের ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সিংহ দরবারের উত্তর-পশ্চিম অংশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য নির্মিত নতুন ভবনে তার কার্যালয় প্রস্তুত করা হচ্ছে।

সেনাবাহিনী সহ এবং সেখানে মোতায়েন কর্মীরা অগ্নিকান্ড থেকে থেকে বেঁচে যাওয়া আসবাবপত্র এবং সরঞ্জাম, যেমন টেবিল, চেয়ার, সোফা এবং কম্পিউটার, পুরানো অফিস থেকে নতুন কার্যালয়ে স্থানান্তরিত করেছেন। তবে, ক্ষয়ক্ষতির চিহ্ন এখনো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেখানে। পুড়ে যাওয়া যানবাহন, কাগজপত্র এবং উপকরণ সরানোর কাজ চলছে।

শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, আমরা আপাতত পরিষ্কারের কাজ শুরু করেছি। সময় লাগবে। পরিষ্কার করার কাজ শেষ করে রক্ষণাবেক্ষণ শুরু করব আমরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত