নীলফামারীতে ভিসা প্রতারক চক্রের নারী সদস্য গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

কানাডার ভিসার প্রলোভন দেখিয়ে প্রায় ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে অনলাইন ভিসা প্রতারক চক্রের এক নারী সদস্যকে গ্রেপ্তার করেছে নীলফামারী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকালে দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন নীলফামারীর কিশোরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম। তিনি জানান, গ্রেপ্তার অনলাইন ভিসা প্রতারক চক্রের সদস্য জুঁই আক্তার (২৪) কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের নিতাই ডাঙ্গাপাড়া গ্রামের মনোয়ার হোসেনের স্ত্রী।

পুলিশ জানায়, মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাশিমপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে আরিফ উদ্দিনকে কানাডায় চাকরি দেয়ার নাম করে ভিসার জন্য তার কাছ থেকে বিকাশ ও নগদসহ বিভিন্ন মাধ্যমে ২৯ লাখ ৭০ হাজার টাকা হাতিয়ে নেয় জুঁই। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে শনিবার ভোর রাতে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে জুঁই প্রতারণার বিষয় স্বীকার করে এবং চক্রের অন্য সদস্যদের সহযোগিতায় অর্থ আত্মসাৎ করেছেন বলেও জানান।

ওসি আশরাফুল ইসলাম জানান, জুঁই আক্তারের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বিকালে আদালতে মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। প্রতারনা চক্রের অন্য সদস্যদের দ্রুত আইনের আওতায় আনা হবে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত