ডা. জাহিদ

বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুরিতে ভোলার দরকার নেই

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৭ পিএম

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, এদেশে মুসলিম,হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সকলে নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। কিন্তু আমরা সবাই বাংলাদেশি আমাদের মিলেমিশে কাজ করতে হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জে মাহমুদপুর ইউনিয়নের ভেবটগাড়ী আদিবাসী ঊষা সবুজ সংঘ আয়োজিত ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। 

ডা. জাহিদ বলেন, আমরা সবাই বাংলাদেশি। আমাদের সবার সমান অধিকার। কেউ কাউকে দুর্বল ভাববেন না, আবার সবল ভাবারও কারণ নেই। আপনার একটা ভোট, আমারও একটা ভোট। কাজেই মনে রাখতে হবে আমার যেমন অধিকার আপনারও তেমনই অধিকার। 

তিনি বলেন, বিএনপি কাজে বিশ্বাসী, কথার ফুলঝুরিতে ভোলার দরকার নেই। মেয়েদের স্কুলে লেখাপড়া করতে বেতন লাগে না। এই প্রচলন শুরু করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। 

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, যুবদলের সভাপতি মশিউদ দৌলা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল, কৃষক দলের সভাপতি কবিল ইসলাম বকুলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত