গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলো- ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মকছেদুর ওরফে মোকসেদুর রহমান মোল্লা কিশোর (৪৭), মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি মো. এনামুল হুদা লালু (৬০), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী যুবলীগের ৯ নং ওয়ার্ডের সাবেক সদস্য ও মতিঝিল থানা আওয়ামী মৎস্যজীবী লীগের প্রচার সম্পাদক মো. আব্দুল গাফফার (৫৬), লালবাগ থানার ২৪নং ওয়ার্ডের ৫নং ইউনিটের আওয়ামী লীগের সভাপতি বাহারুল ইসলাম টিটু (৪৬), মিরপুর থানা ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. সাইফুল ইসলাম লিয়ন (২৪), ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সাবেক সম্পাদক ও বন ও পরিবেশ বিষয়ক বর্তমান সম্পাদক নাঈম নোমান (৬০), ডেমরা থানার ৬৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবির রাজন (৪২), ভোলার সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চরসামাইয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মহিউদ্দিন মাতব্বর (৪৩) ও ভাটারা থানা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের সহ-সভাপতি শিকদার সোহেল হাজারী (৩০)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগ রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অভিযান পরিচালনা করে মো. মকছেদুরকে গ্রেপ্তার করে। একই দিন রাত ৮টায় কলাবাগান থানার ইস্টার্ন প্লাজা থেকে মো. এনামুল হুদা লালুকে গ্রেপ্তার করে ডিবি-লালবাগ বিভাগের লালবাগ জোনাল টিম। মো. আব্দুল গাফফারকে ডিবির একটি টিম পৃথক অভিযানে গ্রেপ্তার করে।
ডিবি সূত্র আরও জানায়, শনিবার রাত পৌনে ১২টায় ডিবি-ওয়ারী বিভাগ লালবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বাহারুল ইসলাম টিটুকে ও মিরপুর এলাকা থেকে মো. সাইফুল ইসলাম লিয়নকে গ্রেপ্তার করে। ওই রাতেই পল্লবী মডেল থানা এলাকা থেকে নাঈম নোমানকে গ্রেপ্তার করে ডিবি- মিরপুর বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
অন্যদিকে ডেমরা থানার ডগাইর এলাকা থেকে মো. হুমায়ুনকে গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী বিভাগ। একইদিন ডিবি- গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ধানমন্ডি থানা এলাকা থেকে মো. মহিউদ্দিন মাতব্বরকে গ্রেপ্তার করে। শিকদার সোহেল হাজারীকে কাফরুল থানাধীন সেনপাড়া পর্বত এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম।
গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।
