সাগর-রুনি হত্যা

তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল ১২১ বার

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৫ পিএম

১২১ বার নয়, এবার ১২২তমবারের মতো পেছানো হলো সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। আদালত এবার প্রতিবেদন জমার নতুন তারিখ নির্ধারণ করেছেন আগামী ৩০ নভেম্বর।

রবিবার (১৪ সেপ্টেম্বর) মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এদিন আদালতে প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়। এ অবস্থায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান নতুন তারিখ ৩০ নভেম্বর নির্ধারণ করে দেন।

আদালতের শেরেবাংলা নগর থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য নিশ্চিত হয়েছে।

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনিকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় হত্যা মামলা করেন।

প্রথমে মামলাটির তদন্ত করেছিল শেরেবাংলা নগর থানার একজন উপ-পরিদর্শক (এসআই)। ঘটনার চার দিন পর এই হত্যা মামলার তদন্তভার হস্তান্তর করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে। কিন্তু দুই মাসেরও বেশি সময় তদন্ত করেও রহস্য উন্মোচনে ব্যর্থ হয় ডিবি।

পরবর্তীতে হাইকোর্টের নির্দেশে ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটির তদন্তভার র‍্যাবের কাছে হস্তান্তর করা হয়। গত ৩০ সেপ্টেম্বর সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্তের দায়িত্ব থেকে র‍্যাবকে সরিয়ে দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের হাইকোর্ট বেঞ্চ।

একই সঙ্গে আদালত স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে একটি উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দেন। এ বিষয়ে ছয় মাসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। বর্তমানে মামলাটির তদন্ত করছে পিবিআই।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত