ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত সাত সরকারি কলেজে কর্মরত বেসরকারি তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর, বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) ইডেন মহিলা কলেজের মূল ফটকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সংযুক্ত সাত কলেজ বেসরকারি ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেওয়া কর্মচারীরা দীর্ঘদিন ধরে চাকরি করেও আর্থিক সংকট ও কর্মজীবনের অনিশ্চয়তায় থাকার কথা তুলে ধরেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাত কলেজে কর্মরত অনেক বেসরকারি কর্মচারী ২০ থেকে ২৫ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন। অথচ দীর্ঘদিন চাকরি করেও তাঁদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়নি। বর্তমানে তাঁদের মাসিক সম্মানি ৪ হাজার থেকে সর্বোচ্চ ১২ হাজার টাকা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে এই সামান্য অর্থ দিয়ে পরিবার নিয়ে চলা কঠিন হয়ে পড়েছে।
তাঁরা বলেন, স্বল্প সম্মানির কারণে বৃদ্ধ মা-বাবার চিকিৎসা, সন্তানদের লেখাপড়ার খরচ ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খেতে হচ্ছে। দীর্ঘদিন দায়িত্ব পালন করেও চাকরির নিশ্চয়তা না থাকায় ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
বক্তারা আরও বলেন, বেতন বৃদ্ধি ও চাকরি স্থায়ীকরণের দাবিতে প্রধানমন্ত্রীসহ শিক্ষা সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে স্মারকলিপি দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো নির্দেশনা পাওয়া যায়নি। তাঁরা সরকারের কাছে নিজেদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে ইডেন মহিলা কলেজের প্রশাসনিক ভবনের কম্পিউটার অপারেটর মো. আলি আজম সিদ্দিকী বলেন, ১৬ বছর ধরে দায়িত্ব পালন করলেও বর্তমান সম্মানি দিয়ে পরিবার নিয়ে চলা অত্যন্ত কঠিন। তিনি বেতন বৃদ্ধি ও চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের দাবি জানান।
কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের সেমিনার সহকারী রোকসানা বেগম নুপুর বলেন, ২০ বছর ধরে দায়িত্ব পালন করেও যে সম্মানি পান, তা দিয়ে পরিবারের ব্যয় নির্বাহ করা সম্ভব হচ্ছে না। চাকরি রাজস্ব খাতে স্থানান্তরের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
হযরত রাবেয়া বসরী (রহ.) ছাত্রীনিবাসের ইলেকট্রিশিয়ান মো. নওশের আলী বলেন, ১৫ বছর ধরে কর্মরত থেকেও পর্যাপ্ত বেতন না পাওয়ায় বৃদ্ধ মা-বাবার চিকিৎসা ও সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে সমস্যায় পড়তে হচ্ছে তাঁকে।
ইডেন মহিলা কলেজের গাড়িচালক মো. হান্নান মিয়া বলেন, ১০ বছর ধরে দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমান বেতন দিয়ে বাসাভাড়া ও সন্তানদের লেখাপড়ার খরচ মেটাতে গিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করতে হচ্ছে।
অন্যদিকে, কলেজের প্রশাসনিক ভবনের অফিস সহায়ক মো. রফিকুল ইসলাম বলেন, ২৫ বছর ধরে চাকরি করেও তাঁর আর্থিক অবস্থার উন্নতি হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বাসাভাড়া, যাতায়াত ও পরিবারের অন্যান্য খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে।
মানববন্ধন থেকে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—সরকারি সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তর; ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাঠামোর আওতায় তাঁদের অন্তর্ভুক্ত করা; রাজস্ব খাতে স্থানান্তর না হওয়া পর্যন্ত জাতীয় বেতন স্কেল-২০১৬ অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং সাত কলেজে কর্মরত সব বেসরকারি কর্মচারীর ছাঁটাই বন্ধ করা।
বক্তারা বলেন, তাঁদের এই কর্মসূচি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে নয়। দীর্ঘদিন ধরে বঞ্চিত কর্মচারীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যেই এ কর্মসূচি। তাঁরা সরকারের কাছে দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।