চোর সন্দেহে গণপিটুনিতে প্রাণ গেল এক ব্যক্তির

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৪:০১ পিএম

ফেনীর সদর উপজেলার মোটবীতে চোর সন্দেহে গণপিটুনিতে নিহত হয়েছেন মনছুর আহম্মদ (৪০) নামের এক ব্যক্তি। শনিবার (১৩ সেপ্টেম্বর) গভীর রাতে ইউনিয়নের লস্করহাট মধ্যম লক্ষীপুর গ্রামের কবিরের বাড়িতে এ ঘটনা ঘটে।

মনছুর আহম্মদ নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জের কাজির ঘাটলা গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম সুলতান আহম্মদ।

স্থানীয়রা ও পুলিশ জানায়, রাতের দিকে কবিরের সিএনজি গ্যারেজে এক অজ্ঞাত ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখে আটক করা হয়। পরক্ষণেই তাকে চোর ভেবে স্থানীয়রা বেধড়ক মারধর করে পাশের জমিতে ফেলে যায়। ভোর হলে ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যরা ঘটনাটি পুলিশকে জানায়। পরে সেখানে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

এ বিষয়ে ফেনী মডেল থানার তদন্ত কর্মকর্তা সজল কান্তি দাশ জানান, নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাঁর শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত