এবার প্রকৃত মেধার মূল্যায়ন হয়েছে, তাই কমেছে পাসের হার: প্রিন্স 

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪২ পিএম

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় রাজনৈতিক উদ্দেশ্যে গণহারে পাস কিংবা জিপিএ-৫ বাড়ানোর কোনো প্রক্রিয়া ছিল না। এ কারণেই এবারের পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। তবে এই ফলাফলে শিক্ষার্থীদের প্রকৃত যোগ্যতার মূল্যায়ন হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে এমরান সালেহ প্রিন্স বলেন, তোমরাই জাতির ভবিষ্যৎ। আলোকিত সমাজ ও দেশ গড়তে আলোকিত মানুষ চাই। তোমরাই অলোকিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ে তোলো। তোমাদের হাত ধরেই বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে।

ঈশ্বরগঞ্জ পৌর শহরের জেলা পরিষদ অডিটরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ২০৪ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও উপবৃত্তি প্রদান করে ‘মাজেদ বাবু ফাউন্ডেশন’। সকাল থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় মুখর ছিল মিলনায়তন। সকাল ১০টার আগেই অডিটরিয়াম কানায় কানায় পূর্ণ হয়ে যায়। করতালি, হাসি আর উচ্ছ্বাসে ভরে ওঠে পুরো পরিবেশ। সন্তানদের সাফল্যে অভিভাবকেরাও আনন্দে মেতে ওঠেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজেদ বাবু ফাউন্ডেশনের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু। প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং প্রধান বক্তা ছিলেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ সাসিবুল হাসান চৌধুরী। এছাড়া বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব আমিরুল ইসলাম ভূঁইয়া মনি।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রাজ্জাক ভূঁইয়া হীরা, একেএম হারুন অর রশিদ, শরিফ আবেদীন জায়েদী, পৌর বিএনপির সদস্যসচিব নূরে আলম জিকুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট, উপবৃত্তি ও উপহার তুলে দেন অতিথিরা। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে সংবর্ধনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত