বরিশাল টাউন হল চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা ও মহানগর আয়োজিত এক গণসমাবেশে দলটির সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই) বলেছেন, ‘পিআর বা সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন ছাড়া দেশে সুষ্ঠু রাজনৈতিক সংস্কৃতি গড়ে উঠবে না। পিআর পদ্ধতিতে নির্বাচন না দিলে দেশপ্রেমিক ছাত্র-জনতা দাবি আদায়ে রাজপথে নামতে বাধ্য হবে বলেও মন্তব্য করেন তিনি।
রবিবার দুপুর আড়াইটায় শুরু হয় গণসমাবেশ। এতে সভাপতিত্ব করেন নগর সভাপতি প্রফেসর মো. লোকমান হাকীম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নগর সেক্রেটারি মাওলানা আবুল খায়ের এবং জেলা সেক্রেটারি মাওলানা হাফিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে শায়খে চরমোনাই বলেন, ‘পিআর নির্বাচনে পেশিশক্তি, কালো টাকা, সহিংসতা ও অরাজকতার দৌরাত্ম্য থাকে না। নিবন্ধিত প্রায় সব দল ভোটের আনুপাতিক হারে সংসদে প্রতিনিধিত্বের সুযোগ পায়। এর ফলে জাতীয় সংসদ হবে সব দাবি-দাওয়ার সমাধানের মূল ক্ষেত্র। এতে হরতাল-অবরোধ, জ্বালাও-পোড়াও, দাঙ্গা-হাঙ্গামা ও প্রতিহিংসার অপরাজনীতির অবসান ঘটবে।’
তিনি বলেন, ‘বিশ্বে অন্তত ৯১টি দেশে কোনো না কোনোভাবে পিআর পদ্ধতি চালু রয়েছে। এর মধ্যে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড, নেদারল্যান্ডস, নরওয়ে ও সুইডেন শতভাগ এই পদ্ধতিতে নির্বাচন করে। বাংলাদেশেও এই পদ্ধতি চালুর দাবি দিন দিন জনপ্রিয় হচ্ছে। কিন্তু একটি দল বিদেশি শক্তির এজেন্ডা বাস্তবায়নের জন্য এর বিরোধিতা করছে বলে অভিযোগ করেন তিনি।
গণসমাবেশে বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব মুফতী সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) মাওলানা মুহাম্মাদ সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য মাওলানা নেছার উদ্দিন, বরিশাল-০১ আসনের প্রার্থী মুহাম্মাদ রাসেল সরদার মেহেদী, কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা কাজী মামুনুর রশীদ খান ইউসুফী প্রমুখ। এছাড়া নগর ও জেলা পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
