দুর্নীতির মামলায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমান ও তার স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজ লাকি দম্পতির এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক সাবিকুন নাহার তিন দিনের রিমান্ডের আবেদন করেন, তার পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।
দুদকের প্রসিকিউটর মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, ভুয়া কোম্পানি ও কাগজপত্র দেখিয়ে, মতিউর রহমান ও লায়লা কানিজ ২ কোটি ৪৫ লাখ ৩৪ হাজার ৬১১ টাকা মূল্যের সম্পত্তির ‘তথ্য গোপন’ এবং জ্ঞাত আয়ের সঙ্গে ‘অসংগতিপূর্ণ’ ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। মামলা তদন্তাধীন। এ দুজনের বিরুদ্ধে জাল-জালিয়াতির মাধ্যমে বিপুল পরিমাণ প্লেসমেন্ট শেয়ার কেনাবেচার তথ্য রয়েছে। এ ছাড়া মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের মেয়ে ফারজানা রহমানের নামে জ্ঞাত আয়বহির্ভূত ৫৩ কোটি ৪১ লাখ ৩৮ হাজার ৩৯৩ টাকার সম্পদ অর্জনে সহযোগিতার বিষয়ে মতিউর রহমান ও লায়লা কানিজকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন। গত বছরের ২ জুলাই মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের সম্পদ বিবরণী চেয়ে পৃথক নোটিস পাঠায় দুদক। এসব নোটিসের পরিপ্রেক্ষিতে গত বছর ২৯ আগস্ট মতিউর, তার দুই স্ত্রী এবং ছেলে-মেয়েসহ পাঁচজনের সম্পদ বিবরণী দুদকে জমা দেন। দুদকের কাছে তাদের বিবরণী গ্রহণযোগ্য না হওয়ায় চলতি বছর ৬ জানুয়ারি দুদক এ মামলাটি করে।
