নারায়ণগঞ্জে ৬ কারখানার বিদ্যুৎ-গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১০ পিএম

নারায়ণগঞ্জে ছয়টি শিল্প কারখানার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর অভিযান চালিয়ে তাদের বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। অভিযোগ, এই কারখানাগুলোতে তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ না করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়াই উৎপাদন চালানো হচ্ছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ফতুল্লার কাঠেরপুল, শিবুমার্কেট ও পিঠালিপুল এলাকায় অবস্থিত এসব কারখানায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন। নারায়ণগঞ্জের সহকারী পরিচালক রাসেল মাহমুদ, মোবারক হোসেন, পরিদর্শক টিটু বড়ুয়া, বিপুল সংখ্যক পুলিশ সদস্য এবং ডিপিডিসি ও তিতাসের টিমও উপস্থিত ছিলেন।

অভিযানের সময় ফতুল্লার পিঠালিপুলে অবস্থিত শাহ কদম বোর্ড মিলস ও বিসমিল্লাহ ওয়াশ, কাঠেরপুল শিবুমার্কেটে মেসার্স জামিল ডাইং, হাজী মো. আলী ডাইং প্রিন্টিং এন্ড প্রসেসিং মিলস প্রাইভেট লিমিটেড আর আর ওয়াশিং (পূর্বনাম-হাসান ডাইং) ও বেলী ফুড কারখানার বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জালাল উদ্দিন বলেন, এই কারখানাগুলোতে উৎপন্ন তরল বর্জ্য কোনো ধরনের পরিশোধন ব্যতিরেকে সরাসরি ড্রেন খালের মাধ্যমে শীতলক্ষ্যা নদীতে নিঃসৃত হচ্ছে। আমরা এ ধরনের অভিযান অব্যাহত রাখব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত