‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’ হলেন আকসা

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৯ এএম

‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন ঢাকার মেয়ে আলফী আলমগীর আকসা। আগামী নভেম্বরে ফিলিপাইনের ম্যানিলা’তে হতে যাওয়া ‘ওম্যান অব দ্য ওয়ার্ল্ড’র চূড়ান্ত প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন আকসা। রাজধানীর আইইউবিতে আইন বিষয়ে অনার্সে অধ্যয়নরত আকসার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল মিডিয়াতে কাজ করার। সেই লক্ষ্যে তিনি ছোটবেলায় বুলবুল ললিতকলা একাডেমিতে নাচের প্রশিক্ষণ নিয়েছেন। হয়েছেন বিজ্ঞাপনেরও মডেলও। তবে যখন ঘোষণা আসে ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’-এর, তখন প্রবল উৎসাহ-উদ্দীপনা নিয়েই তিনি এই প্রতিযোগিতায় নিজের নাম লেখান। সারা বাংলাদেশ থেকে এই প্রতিযোগিতায় ৭৫০ জনের মধ্যে শীর্ষ ১৫-তে চলে আসেন আকসা।

সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর গ্র্যান্ড ফিনালেতে অপু বিশ্বাস, আবদুল আজিজ, সৌমেন সাহা ও সাকিব সনেটের বিচারে চ্যাম্পিয়ন হন আকসা। ‘ঢাকা ফ্যাশন ডে’, ‘বর্ষা সুন্দরী’, ‘বিজয় উৎসব মালয়েশিয়া’, ‘ঈদ কার্নিভ্যাল দুবাই’, ‘দ্য গ্র্যান্ড উইডিং এক্সপো’সহ বেশ কিছু ইভেন্টের অন্যতম আয়োজক সাকিব সনেট ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ ২০২৫’-এর সহ-আয়োজক ছিলেন, শো ডিরেক্টরও ছিলেন তিনি।

আগামী নভেম্বরে ফিলিপাইন ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স’-এর গ্র্যান্ড ফিনালেতে অংশ নিচ্ছেন উল্লেখ করে আকসা বলেন, বাংলাদেশের অভিনয়ের দুনিয়ায় আমি নিজেকে অনেক দূর নিয়ে যেতে চাই। যেমন : আমার ভীষণ ভালো লাগে মডেল-অভিনেত্রী মেহজাবীন আপুকে। তার ব্যক্তিত্ব, তার নীরবে নিভৃতে কাজ করে যাওয়া আমাকে ভীষণ মুগ্ধ করে। আমি ঠিক তার মতোই একজন হতে চাই। আর যেহেতু আমি আইন বিষয়ে পড়াশোনা করছি, তাই ইচ্ছে আছে সমাজের বিধবা নারী ও অনাথ বাচ্চাদের জন্য কিছু করার। যেন তারা তাদের প্রাপ্য পাওনা থেকে কোনোভাবেই বঞ্চিত না হয়। ধন্যবাদ জানাই বিশেষত মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মলি আপুকে। কারণ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে সবার ছোট ছিলাম আমি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই সাকিব সনেট ভাইয়া, অপু বিশ্বাস দিদিসহ এর নেপথ্যে আরও যারা ছিলেন তাদের সবাইকে। সবার কাছে দোয়া চাই, যেন বাংলাদেশের হয়ে ম্যানিলাতে ওম্যান অব দ্য ওয়ার্ল্ডে স্থান করে নিতে পারি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত