গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল একই পরিবারের তিনজনের

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১১ এএম

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুর বিসিক শিল্পাঞ্চলে গ্যাস লাইনে বিস্ফোরণের ঘটনায় এবার মারা গেলেন কিশোরী মুন্নি চৌধুরী (১৪)। বাবা-মাকে হারানোর কয়েক দিনের মধ্যেই সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ১০টার দিকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, মুন্নির শরীরের ২৮ শতাংশ দগ্ধ হয়েছিল।

সুনামগঞ্জের সুলা থানার বলরামপুর গ্রামের মানব চৌধুরীর মেয়ে মুন্নি পরিবারসহ নারায়ণগঞ্জের বিসিক শিল্পাঞ্চলের তিন নম্বর গলির একটি ভাড়া বাড়িতে থাকতেন। 

এর আগে, গত শনিবার ও রবিবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার বাবা মানব চৌধুরী ও মা বাচা চৌধুরী। একই ঘটনার ছোবলে একই পরিবারের তিনজনের মৃত্যু হলো।

গত ৪ সেপ্টেম্বর ভোর সাড়ে ৫টার দিকে ওই ভাড়া বাসায় গ্যাস থেকে বিস্ফোরণ ঘটে। এতে পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হন। দম্পতির তিন মেয়ে মুন্নি চৌধুরী (১৪), তিন্নি চৌধুরী (১২) ও মৌরি চৌধুরী (৬) গুরুতর দগ্ধ অবস্থায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হন। বর্তমানে ছোট দুই মেয়ে তিন্নি ও মৌরি ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত