নাসিরনগরে খাদ্যবান্ধব কর্মসূচির ১৪০ বস্তা চাল জব্দ

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:১১ এএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির প্রায় পাঁচ হাজার কেজি চাল ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জব্দ করেছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরের মহাখালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে এ চাল জব্দ করা হয়। এ সময় দোকান থেকে দুই শ্রমিককে আটক করা হয়।

আটক দোকানদাররা হলেন স্থানীয় ব্যবসায়ী মোতাহার মিয়া ও রহমত আলী। তাদের দোকান থেকে চাল সরানোর সময় আটক দুই শ্রমিক হলেন শাহা কামাল মিয়া ও জুয়েল মিয়া, যাদের উভয়েই উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের আশুরাইল গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, সরকার সম্প্রতি হতদরিদ্র ও নিম্নআয়ের মানুষের জন্য বিশেষ কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে। নাসিরনগরে প্রায় ১১ হাজার উপকারভোগীর জন্য এ চাল বরাদ্দ রয়েছে। তবে চাল বিতরণ শুরুর আগেই সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং আরও প্রায় ১৫০টি খালি সরকারি বস্তা দোকান থেকে উদ্ধার করা হয়।

খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম বলেন, আমাদের গুদাম থেকে নিয়মিত ডিলাররা চাল নিয়ে যাচ্ছেন এবং তাদের মাধ্যমে উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হচ্ছে। কীভাবে এসব সরকারি বস্তা দোকানে এলো, তা দোকানদার ও সংশ্লিষ্ট ডিলাররা ভালো জানবেন।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. আবুল হোসেন বলেন, আমি এখনই কিছু বলতে পারছি না। অফিসে এসে বিস্তারিত জানাতে পারব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনা নাছরিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সরকারি সিলমোহরযুক্ত ১৪০ বস্তা চাল এবং ১৫০টি খালি বস্তা জব্দ করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত