উজানের ঢলে প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল ও চরাঞ্চল

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:০৭ পিএম

কুড়িগ্রামে উজানের ঢলে তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সঙ্গে জেলার অন্যান্য নদীর পানিও বৃদ্ধি পাচ্ছে।

এই পানি বৃদ্ধির ফলে নদী অববাহিকা ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন ক্ষেতসহ বিভিন্ন ফসল। ফলে চরাঞ্চলের কৃষকরা ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৯টায় দুধকুমার নদীর পানি নাগেশ্বরী উপজেলার পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমার ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে তিস্তার পানি কাউনিয়া পয়েন্টে কিছুটা হ্রাস পেয়েছে, তবে তা বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিন নদীর পানি আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

কৃষকরা জানান, পানি আরও বৃদ্ধি পেলে ধানসহ অন্যান্য ফসলের ক্ষতি অনিবার্য হবে। তবে পানি দ্রুত নেমে গেলেও ফসলের ক্ষতি এড়ানো সম্ভব হবে না।

সদরের পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার এলাকার কৃষক এরশাদ আলী বলেন, ‘নদীর পানি কখন বাড়ে কখন কমে, কিছুই বোঝা যায় না। পানি বাড়ার কারণে আমার প্রায় দুই বিঘা জমির আমন ক্ষেত তলিয়ে গেছে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানিয়েছেন, আগামী দুই দিনে তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি সমতল হারে বৃদ্ধি পেতে পারে। এ সময় তিস্তা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত