ঢাকার আশুলিয়ায় মহাসড়ক থেকে রুস্তম আলী (২৫) নামে এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান।
এর আগে ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকা থেকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয় স্থানীয়রা। পরে হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রুস্তম আলী নীলফামারীর জলঢাকা থানার ছলিম উদ্দিনের ছেলে। তবে তার পেশা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
পুলিশ জানায়, ভোরে নবীনগর-চন্দ্রা মহাসড়কের পলাশবাড়ী এলাকায় রুস্তম নামে ওই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পায় পথচারীরা। পরে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে এবং পরে র্যাবের সহযোগিতায় তার পরিচয় সনাক্ত করে। ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। নিহতের গলায় গুলির চিহ্ন পাওয়া গেছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ওই যুবককে অন্য জায়গায় গুলি করে হত্যার পর এই এলাকায় তার লাশ ফেলে রেখে গেছে। প্রাথমিকভাবে তার নাম পরিচয় সনাক্ত করা হলেও তা যাচাই করার জন্য সিআইডি টিমকে খবর দেয়া হয়েছে। আমরা বিষয়টি নিয়ে কাজ শুরু করেছি। পরে বিস্তারিত বলা যাবে।
