পরিবেশ উপদেষ্টা

মন্ত্রী-এমপি ও ক্ষমতাবানদের জন্য বন কেটে প্লট তৈরি করেছে রাজউক

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, ০২:০৪ পিএম

মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও তথাকথিত ক্ষমতাবানদের জন্য প্লট বরাদ্দ দিতে গিয়ে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বন কেটে পূর্বাচল প্রকল্প বাস্তবায়ন করেছে, যা পরিবেশের জন্য অপূরণীয় ক্ষতি করেছে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

তিনি আরও জানান, গাছ কেটে তৈরি করা এসব প্লটের বেশিরভাগই এখনো অব্যবহৃত রয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে বিশ্বব্যাংকের ‘একটি টেকসই জীবন: বাংলাদেশের স্বাস্থ্য ও অর্থনীতির ওপর তাপের প্রভাব’ শীর্ষক প্রতিবেদনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন।

রিজওয়ানা হাসান বলেন, মন্ত্রী-এমপিদের তথাকথিত ক্ষমতাবানদের প্লট দিতে গিয়ে রাজউক ক্ষতি করে ফেলেছে। বন কেটে ফেলে প্লট করা হয়েছে। যখন রাজউক ডিটেইল এরিয়া প্ল্যান করে, তখন ব্যবসায়ীরা তাদের স্বার্থে সেটির বিরোধিতা করেছে।

তিনি আরও যোগ করেন, রাজউককে দায়িত্ব নিতে হবে ভবন তৈরির পরিকল্পনা করা ও বাস্তবায়নে। ভালো পরিকল্পনা করা হলেই ব্যবসায়ীরা তাদের স্বার্থ নিয়ে হাজির হয়।

এদিকে, বিশ্বব্যাংকের প্রতিবেদনে উঠে এসেছে, গত ৪৩ বছরে বাংলাদেশে গড় তাপমাত্রা বেড়েছে ১.১ ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাজধানী ঢাকা, যেখানে তাপসূচক গড় তাপমাত্রার চেয়ে ৬৫% বেশি। নগরীতে সবুজ এলাকা কমে যাওয়া এবং জীবনযাত্রার ধরনই এ অবস্থার জন্য মূলত দায়ী।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, তাপমাত্রার প্রভাবে শারীরিক ও মানসিক সমস্যার কারণে ২০২৪ সালে বাংলাদেশে ২৫ মিলিয়ন কর্মদিবস নষ্ট হয়েছে। এতে আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১.৩৩ বিলিয়ন মার্কিন ডলার। বিশ্বব্যাংকের মতে, অতিরিক্ত তাপমাত্রা ২০৫০ সালে দেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির পথেও বাধা সৃষ্টি করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত