নবযাত্রায় অর্থহীন

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ এএম

দেশের জনপ্রিয় ব্যান্ড দল অর্থহীন প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছে। আগামী মাস থেকেই শুরু হচ্ছে তাদের এই নবযাত্রা। ব্যান্ডের ব্যবস্থাপক এহসানুল হক টিটো জানান, দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশে কনসার্টের কথা চলছিল, কিন্তু সুমনের অসুস্থতার কারণে তা সম্ভব হয়নি। অবশেষে যুক্তরাষ্ট্র সফর দিয়ে আবার বিদেশযাত্রা শুরু হচ্ছে অর্থহীনের। তিনি আরও জানান, আগামী ২৫ অক্টোবর বোস্টন থেকে শুরু হবে অর্থহীনের যুক্তরাষ্ট্র সফর। এরপর ১ নভেম্বর ভার্জিনিয়া, ২ নভেম্বর নিউ ইয়র্ক, ১৪ নভেম্বর হিউস্টন, ১৬ নভেম্বর ডালাস এবং ২২ নভেম্বর ইন্ডিয়ানায় গান শোনাবে অর্থহীন। এই সফরে আরও কয়েকটি শো যুক্ত হতে পারে। কনসার্ট ট্যুরের আয়োজক মিউজিক বাংলা ও ভেরিতাস ইভেন্টস।

জানা গেছে, যুক্তরাষ্ট্রে সফরে যাওয়ার আগেই অর্থহীন তাদের নতুন অ্যালবাম ‘ফিনিক্সের ডায়েরি-২’ প্রকাশ করবে। ২০২২ সালে প্রকাশ পায় তাদের ‘ফিনিক্সের ডায়েরি’ শিরোনামের একটি অ্যালবাম। তিন বছর পর ‘ফিনিক্সের ডায়েরি-২’ নামের আরেকটি অ্যালবাম প্রকাশ করছে তারা। আগামী অক্টোবরেই আসছে অ্যালবাম। স্যোশাল মিডিয়ায় একটি মোশন পোস্টার প্রকাশ করে অ্যালবামের ঘোষণা দিয়েছে অর্থহীন। সেখানে দেখা যাচ্ছে, আগুনে ঝলসে যাওয়া ফিনিক্স পাখির দুই ডানা, রক্ত ঝরছে তার গা বেয়ে। শেষে ভেসে ওঠে বার্তা ‘জীবনে মাঝেমধ্যে পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটির সঙ্গেও ভালো কিছু হয়।’

ভিডিওর শেষেই জানানো হয়, ২০২৬ নয় বরং ২০২৫ সালের অক্টোবরে মুক্তি পাবে ‘ফিনিক্সের ডায়েরি-২’। তবে অ্যালবামে কয়টি গান থাকবে তা এখনো প্রকাশ করা হয়নি। দলটির প্রধান সাইদুস সালেহীন খালেদ সুমন ওরফে বেজবাব সুমন দুই বছর আগে ফেসবুক লাইভে অ্যালবামটির ঘোষণা দিয়েছিলেন। দীর্ঘদিন ক্যানসারের সঙ্গে লড়াই এবং একাধিক অস্ত্রোপচারের কারণে সুমন সংগীত থেকে দূরে ছিলেন। সেই সময়েই থেমে যায় নতুন গানের কাজ। ছয় বছরের বিরতি কাটিয়ে ২০২২ সালে প্রকাশিত হয়েছিল ‘ফিনিক্সের ডায়েরি’। সেখানে ছিল আটটি গান। অর্থহীন ব্যান্ডের বর্তমান লাইনআপ- সুমন (কণ্ঠ ও বেজ গিটার), মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী (গিটার)।

সর্বশেষ সর্বাধিক পঠিত