রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন ২৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের ৯টি ভবনের ১৭টি কেন্দ্রে মোট ৯৯০টি বুথে ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে রাকসু কোষাধ্যক্ষ কার্যালয়ে ভোট গণনা করা হবে এবং কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করা হবে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) রাকসু নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে বলেন, আমাদের পরিকল্পনা তিন স্তরের। প্রথমত, ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা দেওয়া; দ্বিতীয়ত, ক্যাম্পাসের নিরাপত্তা দেওয়া এবং সবশেষে পুরো ক্যাম্পাসে কেউ পরিচয়পত্র ছাড়া প্রবেশ করতে পারবে না।
ভোটগ্রহণ হবে মমতাজউদ্দিন একাডেমিক ভবন, ড. মুহাম্মদ শহীদুল্লাহ্ কলাভবন, সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী ভবন, রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবন, জাবির ইবনে হাইয়ান একাডেমিক ভবন, জামাল নজরুল একাডেমিক ভবন, সত্যেন্দ্রনাথ বসু একাডেমিক ভবন ও জগদীশচন্দ্র একাডেমিক ভবনে দুটি করে কেন্দ্রে এবং জুবেরী ভবনের একটি কেন্দ্রে।
এদিকে, গতকাল মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব কাজী নজরুল ইসলাম মিলনায়তনের সামনে একটি প্রেস কর্নারের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সাংবাদিকদের উদ্দেশে উপাচার্য বলেন, রাকসু নির্বাচনের স্বচ্ছতা, নির্বাচন নিয়ে বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং নির্বাচনী পরিবেশ সম্পর্কে দেশবাসীর প্রবল কৌতূহল রয়েছে। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীদের মাধ্যমেই সারা দেশ জানতে পারবে নির্বাচন কীভাবে হচ্ছে। জানতে পারবে নির্বাচনের পরিবেশ সম্পর্কে। মিডিয়া সেন্টারে ইন্টারনেট সংযোগসহ সব প্রয়োজনীয় সুবিধা রাখা হয়েছে।
