হুঁশিয়ারি দিয়ে ৩ ঘণ্টা পর রাস্তা ছাড়লেন কারিগরি শিক্ষার্থীরা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

চার দফা দাবি দিয়ে প্রায় তিন ঘণ্টা পর তেজগাঁও সাতরাস্তা মোড়ের অবরোধ তুলে নিয়েছেন কারিগরি শিক্ষার্থীরা। এসব দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের সভাপতি মো. মাশফিক ইসলাম।

মাশফিক ইসলাম বলেন, বুধবার সারা দেশের সব পলিটেকনিক ইনস্টিটিউট নিজ নিজ জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান, বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করছে। আগামীকাল বৃহস্পতিবার ‘কাকতাড়ুয়া দহন কর্মসূচি’ পালন করবেন শিক্ষার্থীরা। এর মাধ্যমে বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক তিন দফা দাবির কবর রচনা করা হবে।

ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোটার প্রসঙ্গে তিনি বলেন, মন্ত্রণালয় যে কোটার সংজ্ঞা দিয়েছে, তাতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কথা উল্লেখ নেই। কিন্তু বিএসসি ইঞ্জিনিয়াররা এ নিয়ে মিথ্যাচার করছে।

এ সময় কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির সদস্যসচিব হাবিবুর রহমান হাবিব অভিযোগ করে বলেন, প্রকৌশলী আন্দোলনের ব্যানারে কিছু বিএসসি ডিগ্রিধারী শিক্ষার্থী অযৌক্তিক তিন দফা দাবির নামে মব সৃষ্টি করছে। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার করছে, এমনকি প্রকাশ্যে আমাদের হত্যার হুমকি দিয়েছে।

এর আগে সকাল সাড়ে ১০টার পর কারিগরি শিক্ষাব্যবস্থা ধ্বংস ও প্রকৌশল কর্মক্ষেত্র কুক্ষিগত করার প্রতিবাদে সড়ক অবরোধ করে আন্দোলন করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত