নারায়ণগঞ্জে ট্রাফিকের দায়িত্বে থাকা শিক্ষার্থীদের উপর অটোচালকদের হামলা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৮ পিএম

নারায়ণগঞ্জে ট্রাফিকের দায়িত্বে থাকা সেচ্ছাসেবী শিক্ষার্থীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ব্যাটারীচালিত অটোরিকশা চালকদের বিরুদ্ধে। এ সময় দুইপক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 

বুধবার দুপুরে অটোরিকশা চালকরা তাদের উপরে হামলা চালানো হয়েছে এমন অভিযোগ এনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করে। এতে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম দুর্ভোগে পরে যাত্রীরা।

প্রায় ৩ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে অটোচালকরা। এসময় একটি এম্বুলেন্সকেও যেতে বাধা দিয়ে ঘুরিয়ে দেয় অটোচালকরা। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে অটোচালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। 

বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উভয় পক্ষকে নিয়ে আলোচনার মাধ্যমে ঘটনার মিমাংসা করা হয়। 

জানা গেছে, বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া ও জেলা প্রশাসকের কার্যালয়ের প্রবেশ গেইটে ট্রাফিকের দায়িত্ব পালনকারী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনা ঘটে। এসময় দুইপক্ষের সংঘর্ষ বাধলে অন্তত ১০ জন আহত হয়। 

এ ঘটনায় উভয় পক্ষের আহতরা হলেন- যানজট নিরসনে কাজ করা শিক্ষার্থী ফারদিন, মুন্সি আপন, শাহীন খন্দকার, আসিফ ও আবু সাঈদ। ইজিবাইক চালক মোস্তাক, হাবিব, বাবু, সিফাত ও উজ্জ¦ল।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেন, নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে চাষাঢ়ার মোড়সহ কয়েকটি স্থানে কয়েকজন স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় যানজট নিরসনের কাজ করতে গিয়ে তাদের সঙ্গে ইজিবাইক চালকদের আজ এক অনাকাঙ্খিত ঘটনা ঘটে। 

এ ঘটনায় দুইপক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে। আমরা খবর পেয়েই আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করেছি। পাশাপাশি আগামীতে যেনো এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে সেই লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত