আমরা চাই সুন্দর বাংলাদেশ: বিএনপি নেত্রী রিতা

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৪ পিএম

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা বলেছেন, "আমরা চাই আগামীর বাংলাদেশ সুন্দর, রুচিশীল, মানবিক দেশ গড়ে উঠুক।"

তিনি বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৪ টার দিকে উপজেলার বালিয়াটি ঈশ্বরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে সাটুরিয়ায় উপজেলা প্রশাসন কাপ ২০২৫ ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

এ সময় আফরোজা খানম রিতা আরও বলেন, "বিগত ১৭ বছরে সমাজটাই নষ্ট হয়ে গিয়েছিল। মানুষকে দুর্নীতিবাজ হয়ে উঠতে দেখা গেছে। আমরা সুভাগ্যবান যে বর্তমানে জেলা প্রশাসকসহ সকল কর্মকর্তা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা মানিকগঞ্জ নিয়ে চিন্তা করে কাজ করে যাচ্ছেন। আজকের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন হলো। এত দর্শক এক মাঠে এসে ফুটবল ম্যাচটি উপভোগ করেছেন। আমি সকল খেলোয়াড়সহ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।"

উদ্বোধন অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বলেন, "মানুষ সাংস্কৃতিক অনুষ্ঠানের চেয়ে খেলাধূলায় বেশি আনন্দ পায়। ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ফুটবল ম্যাচকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, সরকারী সম্পদ বিনষ্ট হচ্ছে। কিন্তু আমাদের মানিকগঞ্জের মানুষ অনেক ভালো। কোনো অপ্রত্যাশিত ঘটনা ঘটছে না। আমরা ইতিপূর্বে নৌকা বাইচ সফলভাবে সম্পন্ন করেছি। দূর্গা পূজার পরে জেলার নিউজ কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনুষ্ঠান করে পুরস্কার দিয়ে সম্মানিত করা হবে। আমি সামনে আরও খেলার আয়োজন করার চেষ্টা করব।"

মানিকগঞ্জ-৩ আসনের জামায়াতে ইসলামের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জামায়াতের ঢাকা উত্তর অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসেন বলেন, "খেলাধূলা যুবকদের মাদক থেকে দূরে রাখবে। আয়োজকদের এজন্য ধন্যবাদ জানাই।"

মানিকগঞ্জের সাটুরিয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠানে সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুছ মজলিশ খান মাখন, সাধারণ সম্পাদক আবুল বাশার সরকার, সাটুরিয়া উপজেলা জামায়াতের আমীর আবু সাইধ বিএসসি।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় হরগজ ইউনিয়ন বনাম ধানকোড়া ইউনিয়ন। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দর্শকদের মুগ্ধ করে অসাধারণ পারফরম্যান্স প্রদর্শন করে। ধানকোড়া ইউনিয়ন প্রথমার্ধে একটি গোল করে এবং বিরতির পর আরও দুটি গোল দিয়ে খেলা জমিয়ে তোলে এবং শেষ মুহূর্তে ধানকোড়া ইউনিয়ন জয়লাভ করে। অপরদিকে হরগজ ইউনিয়ন শূন্য গোলে পরাজিত হয়।

টুর্নামেন্টে সাটুরিয়া উপজেলাধীন ৯টি ইউনিয়ন অংশ নিচ্ছে। আগামী মাসের ১০ তারিখ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। বিজয়ীদের জন্য থাকবে আকর্ষণীয় ট্রফি ও পুরস্কার।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন হাজারো দর্শক। দর্শকদের উচ্ছ্বাস, সমর্থন ও ঢাক-ঢোলের আওয়াজে পুরো মাঠ উৎসবমুখর হয়ে ওঠে।

সাটুরিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক আমীর হামজার সঞ্চালনায় খেলায় আরও উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো. শাহিনুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট আব্দুল আওয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিপ্লব, কৃষকদলের সভাপতি বরকত মল্লিক, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মহসিন উজ্জামান।

জেলা ও উপজেলা বিএনপি, জামায়াত ও বিভিন্ন দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা, ক্রীড়া সংস্থার কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গসহ শত শত দর্শক অংশগ্রহণ করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত