জমি নিয়ে বিরোধের জেরে চাঁদপুরের ফরিদগঞ্জে ছোট ভাইয়ের হাতুড়ির আঘাতে বড় ভাইয়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। উপজেলার পূর্ব চাঁদপুর গ্রামে বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টায় এ ঘটনা ঘটে।
নিহত খাজে আহমেদ খান (৫৭), পেশায় কৃষক। অভিযুক্ত শাহজালাল খান (৩৮), পেশায় অটোচালক। তারা ওই এলাকার মৃত ওমর খানের ছেলে।
নিহতের আরেক ভাই অলি উল্লাহ খান জানান, জমি নিয়ে বিরোধের কারণে গত কয়েক দিন ধরে শাহজালাল আমাকে আর বড় ভাইকে হুমকি ধমকি দিয়ে আসছিলেন। সম্পত্তির বিষয়ে শালিস বৈঠক হলেও সিদ্ধান্ত মানতে নারাজা শাহজালাল। এর জেরে বুধবার রাত এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শাহজালাল খাজে আহমেদকে মারধর করে এবং হাতে থাকা হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় রাত ১২টায় তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বড় ভাই খাজে আহমেদ খান মারা যান।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম জানান, এ ঘটনায় অভিযুক্ত শাহজালাল ও নুর মোহাম্মদসহ তিনজনকে আটক করা হয়েছে। থানায় মামলা প্রক্রিয়াধীন।
