এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনা: বোয়িং ও হানিওয়েলের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:২১ এএম

গত জুনে এয়ার ইন্ডিয়ার একটি বিমান ভেঙে পড়ে ২৬০ জন মারা যান। এবার সেই দুর্ঘটনায় নিহত চার যাত্রীর পরিবার উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান বোয়িং ও যন্ত্রাংশ প্রস্তুতকারক হানিওয়েলের বিরুদ্ধে মামলা করেছে। তাদের অভিযোগ, ত্রুটিপূর্ণ নকশার কারণে এই দুর্ঘটনা ঘটেছে।

লন্ডনগামী এয়ার ইন্ডিয়া ফ্লাইট ১৭১ আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়ন করার পরপরই বিধ্বস্ত হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, বিমানটি যখন মাটি ছাড়ছিল, ঠিক তখনই এর ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল। এর ফলে বিমানটি সামনে এগোনোর শক্তি হারিয়ে ফেলে এবং ভেঙে পড়ে।

যাত্রীদের পরিবারের অভিযোগ, বিমানের ফুয়েল সুইচগুলোয় নকশাগত ত্রুটি ছিল। এর ফলে ভুল করে সুইচটি অন পজিশন থেকে অফ হয়ে গিয়েছিল। তারা আরও দাবি করেন, বোয়িং ও হানিওয়েল এই ত্রুটি সম্পর্কে আগে থেকেই জানত, কিন্তু তারা এটি ঠিক করার জন্য কোনো পদক্ষেপ নেয়নি।

তাদের আইনজীবীরা বলছেন, ২০১৮ সালে মার্কিন উড়োজাহাজ নিয়ন্ত্রণ সংস্থা এফএএ একটি পরামর্শ দিয়েছিল। সেখানে বলা হয়েছিল, উড়োজাহাজের ফুয়েল সুইচগুলো পরীক্ষা করা প্রয়োজন। কিন্তু বোয়িং এই পরামর্শকে গুরুত্ব দেয়নি। এমনকি, তারা এয়ারলাইনসগুলোকে ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ পাল্টানোর জন্য নতুন যন্ত্রাংশও সরবরাহ করেনি।

মামলার বাদী পরিবারের সদস্যরা বলেছেন, ‘হানিওয়েল ও বোয়িং এই অনিবার্য দুর্ঘটনা ঠেকাতে কিছুই করেনি।’

এই দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তদন্ত প্রতিবেদন ২০২৬ সালে প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত