বরগুনার আমতলী উপজেলার গুলিশাখালী ইউনিয়নে একটি মাদরাসার অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীদের নিয়ে গিয়ে খাবার খাওয়ার ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মাহাবুব কাজিকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর নোমানিয়া মোস্তফা আমজাদিয়া আলিম মাদরাসার নবগঠিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ সমর্থকদের দাওয়াত দেওয়া হলেও বিএনপি নেতাকর্মীদের দাওয়াত না দেওয়ায় ক্ষোভের সৃষ্টি হয়। এতে মাহাবুব কাজির নেতৃত্বে ৩০-৩৫ জন বিএনপি কর্মী অনুষ্ঠানস্থলে গিয়ে খাবার খেয়ে ফেলেন।
পরবর্তীতে এ ঘটনা ‘মাদরাসার খাবার সাবাড় করলেন বিএনপি নেতাকর্মীরা’ শিরোনামে বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের নজরেও আসে।
এ প্রেক্ষাপটে, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) আমতলী উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক মো. জহিরুল ইসলাম মামুন ও সদস্য সচিব মো. তুহিন মৃধা যৌথভাবে গুলিশাখালী ইউনিয়ন বিএনপির সদস্য মাহাবুব কাজিকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।
নোটিশে আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে সংশ্লিষ্ট নেতাকে স্বশরীরে উপস্থিত হয়ে লিখিত জবাব দিতে বলা হয়েছে। ব্যর্থ হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে আমতলী উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ভিপি মামুন বলেন, যারা দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে, তাদের বিএনপিতে কোনো স্থান নেই।
সদস্য সচিব তুহিন মৃধা বলেন, আমরা তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি। সঠিক জবাব দিতে না পারলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।
