পাক-আফগান সীমান্তে বিস্ফোরণ, নিহত ৫ আহত ১

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের চামানে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও একজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।

বৃহস্পতিবার চামান জেলা পুলিশ কর্মকর্তা (ডিপিও) আবদুল্লাহ চীমা বলেন, বিস্ফোরণটি চামানের পাক-আফগান সীমান্ত এলাকায় একটি ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ঘটে। বিস্ফোরণে পাঁচজন নিহত এবং একজন আহত হয়েছেন। বিস্ফোরণটি একটি গাড়ির কাছে ঘটেছে। পুলিশ ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।

বেলুচিস্তান স্বরাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, ঘটনাটি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। লেভিস ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে উপস্থিত রয়েছে। প্রমাণ সংগ্রহ ও তদন্ত কার্যক্রম চলছে।

এছাড়া, বিস্ফোরণের প্রকৃতি ও কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

সরকার জনগণকে গুজব না ছড়াতে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি বেলুচিস্তানে হামলার সংখ্যা বেড়েছে। গতকালও বেলুচিস্তানের শেরানি জেলায় দুটি থানা ও একটি লেভিস চৌকি হামলার মুখে পড়ে। ওই হামলায় এক পুলিশ সদস্য নিহত এবং দুই লেভিস সদস্য আহত হন।

এ মাসের শুরুতে কোয়েটার শাহওয়ানি স্টেডিয়ামে বেলুচিস্তান ন্যাশনাল পার্টি-মেঙ্গলের (বিএনপি-এম) এক সমাবেশে বিস্ফোরণে অন্তত পাঁচজন নিহত ও ২৯ জন আহত হন।

সাম্প্রতিক গ্লোবাল টেররিজম ইনডেক্স ২০২৫-এ পাকিস্তান দ্বিতীয় স্থানে রয়েছে। গত এক বছরে দেশটিতে সন্ত্রাসী হামলায় মৃত্যুর সংখ্যা ৪৫ শতাংশ বেড়ে ১ হাজার ৮১ জনে দাঁড়িয়েছে। খাইবার পাখতুনখোয়ায় সন্ত্রাসবাদসংক্রান্ত ঘটনার প্রবণতা ক্রমশ বাড়ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত