ভারতের মণিপুরে একদল বন্দুকধারীর অতর্কিত হামলায় আসাম রাইফেলসের দুজন সৈনিক প্রাণ হারিয়েছেন এবং আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। আহতদের দ্রুত ইম্ফলের রিজিওনাল ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসে ভর্তি করা হয়েছে, যেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে এই হামলার ঘটনা ঘটে। আধাসামরিক বাহিনীর ৪০৭ নম্বর টাটা গাড়িটি পাটসোই কোম্পানির অপারেটিং বেস থেকে নাম্বোল বেসে যাচ্ছিল। সে সময় অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি চালায়।
সূত্রের খবর অনুযায়ী, যে সড়কে এই হামলা হয়েছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাম্প্রতিক মণিপুর সফরের সময় ব্যবহৃত পথের কাছাকাছি।
এই হামলা প্রসঙ্গে একটি সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইম্ফল এবং চুরাচাঁদপুরের মাঝখানে অ্যামবুশ স্থানটি অবস্থিত। মণিপুরের ডিনোটিফাইড এলাকায় হাইওয়েতে নাম্বোল সবাল লেইকাই নামক এলাকায় অজ্ঞাত সন্ত্রাসীরা হামলা চালায়। পরবর্তী অভিযানে আসাম রাইফেলসের দুই জওয়ান শহীদ হন এবং পাঁচজন আহত হন।
এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। ঘটনার সঙ্গে জড়িত বন্দুকধারীদের খুঁজে বের করতে ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে।
মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং নিহত সৈনিকদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘কর্তব্যরত অবস্থায় নিহত সৈন্যদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি এই ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।’
পূজায় মুক্তি ‘সাবা’