পাচারের উদ্দেশ্যে বন্দি ৬৬ নারী-শিশু উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫২ এএম

কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ড ও নৌবাহিনীর যৌথ অভিযানে নারী-শিশুসহ ৬৬ জনকে উদ্ধার করা হয়েছে। টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়। গতকাল শুক্রবার সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগর পথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুলসংখ্যক ব্যক্তিকে টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে বন্দি করে রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌবাহিনী কর্র্তৃক একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে কোস্ট গার্ড ও নৌবাহিনীর সদস্যরা ওই পাহাড়ের চূড়ায় পাচারকারীদের গোপন আস্তানা হতে পাচারের উদ্দেশ্যে বন্দি থাকা নারী ও শিশুসহ ৬৬ জন ব্যক্তিকে উদ্ধার করে।

উদ্ধারকারীদের জিজ্ঞাসাবাদের বরত দিয়ে তিনি বলেনÑ কয়েকটি সংঘবদ্ধ পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, সুবিধাজনক কর্মসংস্থান, উন্নত জীবনযাপনের স্বপ্ন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে প্রেরণ করে পরে কর্মস্থলে কাজের মাধ্যমে খরচ পরিশোধের সুযোগের প্রলোভন দেখিয়ে টেকনাফসহ দেশের বিভিন্ন এলাকা থেকে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের মালয়েশিয়ায় গমনে উদ্বুদ্ধ করে টেকনাফের গহীন পাহাড়ের গোপন আস্তানায় জিম্মি করে রেখেছিল। পরে পাচারকারীরা তাদের সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভসংলগ্ন উপকূল থেকে বোট যোগে মালয়েশিয়ায় পাচার করার পরিকল্পনা করেছিল। তারা আরও জানায় যে, পাচারকারীরা তাদের আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায় করার চেষ্টা করছিল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত