মাদারীপুরে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৬ পিএম

মাদারীপুর জেলায় রাকিব মাদবর (২৫) নামে এক যুবককে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় ২ আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। 

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যয় অভিযান চালিয়ে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা ও নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।  

শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে র‍্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

গ্রেপ্তাররা হলেন- শিবচর উপজেলার পূর্ব কাকৈর (চর শ্যামাই) গ্রামের খালেক সরদারের ছেলে নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) ও কেরানীবাট গ্রামের হারুন সরদারের ছেলে সিয়াম সরদার (২২)।

নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ও কলেজ শাখা নিষিদ্ধ ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। 

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে একা দাঁড়িয়ে ছিল রাকিব। এসময় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে তাকে একা পেয়ে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষরা। পরে রাকিবকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে পাঠানো হলে পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার কিছুক্ষণ পরেই রাকিবকে কোপানোর একটি চাঞ্চল্যকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদটি প্রচার হওয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। পরে গত ১৫ সেপ্টেম্বর ২২ জনের নাম উল্লেখ্য ও আরও অজ্ঞাতনামা ৫/৭ জনকে আসামি করে শিবচর থানায় মামলা করেন নিহতের মা পারুল আক্তার। 

র‍্যাব-৮ আরও জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় নিয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আব্দুল্লাহপুর বাসস্ট্যান্ড এলাকা যৌথভাবে অভিযান চালায় মাদারীপুর র‍্যাব-৮ ও ঢাকার র‍্যাব-১০ এর সদস্যরা। এসময় আসামি নুর আফজাল ওরফে রানা সরদারকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে শুক্রবার রাত সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ সদর থানাধীন খানপুর এলাকায় নারায়ণগঞ্জের র‍্যাব-১১ ও মাদারীপুর র‍্যাব-৮ এর অপর একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে সিয়ামকে গ্রেপ্তার করে। পরে মামলা করে দুই আসামিকে শিবচর থানায় হস্তান্তর করা হয়। 

উল্লেখ্য, চরশ্যামাইল গ্রামের আবুল কালাম সরদারের লোকজনের সঙ্গে রাকিবদের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। গত ৬ মে তাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল কালাম সরদারের ছেলে ইবনে সামাদ মারা যান। পরে একটি হত্যা মামলা করা হয়। এ মামলায় জেল খেটে সম্প্রতি আদালত থেকে জামিন নিয়ে এলাকায় আসেন রাকিব।

রবিবার রাতে শিবচর পৌর বাজারের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) এর সামনে একটি অস্ত্রধারী দল তাকে জনসম্মুখে এলোপাতারি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাকিব মারা যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত