ডাকসু, জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির বিজয় লাভ করেছে।এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে।
আজ শনিবার (২০ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসে শুরার অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জামায়াত আমির বলেন, অনেক আন্দোলন, ত্যাগ-কোরবানির বিনিময়ে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে অনেকে জীবন দিয়েছেন, অনেকে হাত-পা ও চক্ষু হারিয়েছেন। আমাদের সবার ত্যাগ ও কোরবানির বিনিময়ে আল্লাহ আমাদের এক মহান বিজয় দিয়েছেন। আল্লাহ আমাদের সবাইকে দুনিয়া ও আখিরাতে সেই কোরবানির উপযুক্ত প্রতিদান দান করুন।
আমিরে জামায়াত বলেন, আল্লাহ মানুষকে নানাভাবে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহর পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেন, আল্লাহ খুশি হয়ে তাদের পুরস্কৃত করেন। হযরত ইব্রাহিম (আ.) তার প্রিয় পুত্রকে আল্লাহর হুকুমে কুরবানি করার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে আল্লাহ তাকে বিরাট পুরস্কারে ভূষিত করেছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাঁকে মুসলিম জাতির পিতা হিসেবে ঘোষণা করেছেন।
তিনি বলেন, আমাদের কাজ হলো দায়িত্ব পালন করা। ফল দেওয়ার মালিক আল্লাহ তা'আলা। আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। অতি উৎসাহিত হয়ে কৃতিত্ব জাহির করা যাবে না। বিনয়ী হতে হবে। জনগণের সেবক হতে হবে। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে।
কেন্দ্রীয় মহিলা বিভাগীয় সেক্রেটারি মুহতারামা নূরুন্নিসা সিদ্দীকার সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত অধিবেশনে ‘রাজনৈতিক পরিস্থিতি ও জাতীয় নির্বাচন ২০২৬’ শীর্ষক বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। দারসুল কুরআন পেশ করেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম।
