খেলার মাঠে রাখা ব্যক্তিমালিকানা সামগ্রী অপসারণ করল ভ্রাম্যমাণ আদালত 

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বড় খেলার মাঠ থেকে ব্যক্তি মালিকানাধীন স্যানিটারি সামগ্রী, ইটের খোয়া, বাসা বাড়িতে ব্যবহৃত জ্বালানির জন্য সরবরাহ করে রাখা লাকড়ি অপসারণ করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের বড় মাঠে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার সচিব মো. জাহাঙ্গীর আলম এবং ঈশ্বরগঞ্জ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি টিম। 

স্থানীয় কয়েকজন জানান, মাঠে এসব জিনিস রাখার কারণে প্রায় সময়েই ব্যথা পাই বাচ্চারা। এই সব জিনিস  রাখার ফলে, অনেকের হাত-পা কাটছে ও খেলাধুলা সামগ্রী নষ্ট হয়ে গেছে। 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাঠের পাশের স্থানীয় বাসিন্দারা অবৈধভাবে খেলার মাঠে স্যানিটারি সামগ্রী, ইটের খোয়া, জ্বালানি লাকড়ি রেখে দেয়। এতে খেলাধুলায় বিঘ্ন ঘটে। এসব সরাতে সংশ্লিষ্টদের একাধিকার মৌখিকভাবে বলা হলেও তারা বিষয়টি আমলে নেয়নি। যে কারণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

স্থানীয় কয়েকজন খেলোয়াড় জানান, মাঠে এসব জিনিস রাখার কারণে প্রায় সময়েই ব্যথা পাই। অনেকের কাটছে হাত-পা। লাকড়িতে ফুটবল লেগে অনেক বল ফুটো হয়ে যায়। এতে বাঁধাগ্রস্ত হয় তাদের খেলাধুলা। 

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক সালাউদ্দিন বিশ্বাস বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলায় বিঘ্ন ঘটানো ও মাঠ নষ্ট করার অধিকার নেই কারো। যারা মাঠে এসব সামগ্রী রেখেছেন তাদের সরিয়ে নেওয়ার জন্য বলা হলেও তারা নির্দেশ মানেনি। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খেলার মাঠে রাখা এসব সামগ্রী অপসারণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত