ডোনাল্ড ট্রাম্প

ভারত-পাকিস্তানসহ ৭টি যুদ্ধ থামিয়েছি, আমার নোবেল পাওয়া উচিত

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, বাণিজ্যের মাধ্যমেই তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাত থামিয়েছেন। পাশাপাশি, বিশ্বজুড়ে সাতটি যুদ্ধ বন্ধ করার কৃতিত্ব দাবি করে তিনি বলেছেন, এজন্য তাকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত। তার মতে, থামানো সাতটি যুদ্ধের প্রতিটির জন্য আলাদাভাবে নোবেল পুরস্কার পাওয়া তার প্রাপ্য।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। শনিবার আমেরিকান কর্নারস্টোন ইনস্টিটিউটের ফাউন্ডার্স ডিনারে দেওয়া বক্তব্যে ট্রাম্প এসব কথা বলেন। তিনি বলেন, বিশ্ব মঞ্চে এখন আমরা এমন কাজ করে সম্মান অর্জন করছি, যা আগে কখনো এমন সম্মান পাওয়া যায়নি। আমরা শান্তি চুক্তি করছি, যুদ্ধ থামাচ্ছি। আমরা ভারত-পাকিস্তানের যুদ্ধ থামিয়েছি, থাইল্যান্ড-কাম্বোডিয়ার যুদ্ধ থামিয়েছি।

ট্রাম্প আরও বলেন, একবার ভারত আর পাকিস্তানের সংঘাতের কথা ভেবে দেখুন। জানেন আমি সেটা কীভাবে থামালাম? বাণিজ্যের মাধ্যমে। তারা বাণিজ্য করতে চায়। দুই দেশের নেতাকেও আমি গভীরভাবে শ্রদ্ধা করি। তবে একবার দেখুন তো, কতগুলো যুদ্ধ আমরা থামিয়েছি-ভারত-পাকিস্তান, থাইল্যান্ড-কাম্বোডিয়া, আর্মেনিয়া-আজারবাইজান, কসোভো-সার্বিয়া, ইসরায়েল-ইরান, মিসর-ইথিওপিয়া, রুয়ান্ডা-কঙ্গো। সব মিলিয়ে ৬০ শতাংশ যুদ্ধ থেমেছে বাণিজ্যের কারণে।

ট্রাম্পের বক্তব্য অনুযায়ী, ভারতের কাছে তিনি বলেছিলেন, যদি যুদ্ধ চালানো হয় তবে কোনো বাণিজ্য হবে না। আর তাদের পারমাণবিক অস্ত্র আছে বলেও স্মরণ করিয়ে দেওয়া হয়। এরপরই তারা থেমে যায়।

মার্কিন এই রিপাবলিকান নেতা আরও উল্লেখ করেন, অনেকে তাকে বলেছেন যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে পারলে তিনি নোবেল পুরস্কার পাবেন। এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, আমি বলি, তাহলে বাকি সাতটা কী? আমার তো প্রতিটির জন্য আলাদা করে নোবেল পাওয়া উচিত। তারা বলল, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করলে পুরস্কার মিলতে পারে। আমি বললাম, আমি তো সাতটা থামিয়েছি, এটা তো মাত্র একটা, যদিও বড় যুদ্ধ।

রাশিয়া-ইউক্রেন সংঘাত প্রসঙ্গে ট্রাম্প বলেন, তিনি ভেবেছিলেন এটি সমাধান করা সবচেয়ে সহজ হবে, কারণ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার ভালো সম্পর্ক রয়েছে। তবে তিনি এখন পর্যন্ত হতাশ হয়েছেন। তবুও তিনি আশা প্রকাশ করেন যে কোনো না কোনোভাবে এই যুদ্ধেরও অবসান হবে।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত