সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদ, ডিসির বিরুদ্ধে স্মারকলিপি প্রদান

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম

সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও সাংবাদিক সমাজে বিভেদ সৃষ্টির প্রতিবাদে নওগাঁ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোট।

গত বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসক আব্দুল আউয়াল সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন। রবিবার (২১ সেপ্টেম্বর) বিকালে জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি হস্তান্তর করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি জেলা প্রশাসনের পক্ষ থেক দুর্গা উৎসব উপলক্ষে অনুষ্ঠিত সৌহার্দ্য সমাবেশে উপস্থিত প্রায় আটটি সাংবাদিক সংগঠনের মধ্যে একটি সংগঠনকে বিশেষভাবে সম্মান জানানো হয়।

স্মারকলিপিতে আরও বলা হয়, প্রতিটি অনুষ্ঠানে সাংবাদিকদের মধ্যে একটি সংগঠনকে জেলা প্রশাসক সর্বোচ্চ প্রাধান্য দিয়ে থাকেন। সরকারি নিয়োগ ও ইজারা বিজ্ঞপ্তি প্রকাশের জন্য একটি সংগঠনকেই প্রাধান্য দিয়ে থাকেন। এতেই প্রমাণিত হয় জেলার বৃহত্তর সাংবাদিক সমাজের সাথে দ্বিমাতা সুলভ আচরণ করেছেন জেলা প্রশাসক। এতে সাংবাদিক সমাজের মধ্যে ক্ষোভ ও বিভেদের সৃষ্টি হয়েছে। এটি গণতান্ত্রিক মূল্যবোধ ও সাংবাদিকতার স্বাধীনতার পরিপন্থী।

স্মারকলিপিতে আরও দাবি করা হয়, সাংবাদিকদের বাদ দিয়ে প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুষ্ঠান বা সভা আয়োজন করা যাবে না। সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক আচরণ বন্ধ করতে হবে এবং তাদের যথাযথ মর্যাদা নিশ্চিত করতে হবে। জেলা প্রশাসকের অধীনে পরিচালিত প্রেসক্লাব ভবনসহ সাংবাদিকদের জন্য সরকারি সুযোগ-সুবিধা বণ্টনের ক্ষেত্রে নওগাঁ জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটকে অন্তর্ভুক্ত করতে হবে। সরকারি সকল সভা-সমাবেশ, আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সংক্রান্ত সভায় জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্যজোটের সাংবাদিকদের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা সম্মিলিত সাংবাদিক ঐক্য জোটের পাঁচটি সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদক সাদেকুল ইসলাম, মোফাজ্জল হোসেন, মাহমুদুন নবী বেলাল, পারভেজ রহমান, এম আর রকি, ছাব্বির আহমেদ, রাশেদুজ্জামান রাশেদসহ প্রায় অর্ধশত সাংবাদিক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত