ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান-শাসিত আজাদ কাশ্মীর একদিন নিজ থেকেই ভারতের অংশ হবে। এজন্য সশস্ত্র হামলা করার প্রয়োজন নেই। মরক্কোয় ভারতীয় প্রবাসীদের সঙ্গে এক আলোচনাকালে তিনি এ মন্তব্য করেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
রাজনাথ সিং বলেন, পাকিস্তান-শাসিত কাশ্মীর একদিন নিজেই ভারতের অংশ হয়ে যাবে। ইতোমধ্যেই সেখানকার মানুষ এই দাবিতে স্লোগান দিতে শুরু করেছে। তিনি জানান, পাঁচ বছর আগে জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর এক অনুষ্ঠানেও তিনি একই কথা বলেছিলেন। তার দাবি, আমি তখনও বলেছিলাম, পাকিস্তান-শাসিত কাশ্মীর দখল করতে আমাদের হামলা চালাতে হবে না। কারণ, এটি ভারতেরই অংশ। একদিন সেখানকার মানুষ নিজেরাই বলবে, ‘আমিও ভারত’। সেই দিন আসবেই।
এনডিটিভি জানায়, তার এই বক্তব্য এসেছে এমন এক সময়ে যখন ভারতের কিছু বিরোধী দল অভিযোগ করছে যে ‘অপারেশন সিন্দুর’ এর পরে পাকিস্তান-শাসিত কাশ্মীর দখলের সুযোগ হারিয়েছে কেন্দ্রীয় সরকার। বিরোধী দলগুলোর দাবি, তখনই পাকিস্তান-অধিকৃত অঞ্চল দখল করা সম্ভব ছিল।
বর্তমানে দু’দিনের সফরে মরক্কোয় অবস্থান করছেন রাজনাথ সিং। এই সফরে তিনি বেররশিদ শহরে টাটা অ্যাডভান্সড সিস্টেমসের নতুন হুইলড আর্মার্ড প্ল্যাটফর্ম উৎপাদন কারখানার উদ্বোধন করেন। এটি আফ্রিকায় ভারতের প্রথম প্রতিরক্ষা সরঞ্জাম তৈরির কারখানা।
এছাড়া, এটাই কোনো ভারতীয় প্রতিরক্ষামন্ত্রীর প্রথম মরক্কো সফর। নতুন এই কারখানাকে ভারতের প্রতিরক্ষা শিল্পের বৈশ্বিক সম্প্রসারণের একটি বড় মাইলফলক হিসেবে উল্লেখ করেন তিনি।
এই সফরে তিনি মরক্কোর প্রতিরক্ষামন্ত্রী আবদুল লতিফ লৌদিইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকও করেছেন। দুই দেশ প্রতিরক্ষা সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই করতে পারে। এতে প্রশিক্ষণ, প্রযুক্তি ও শিল্পখাতসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়বে।
সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় নৌবাহিনীর জাহাজ নিয়মিত মরক্কোর কাসাব্লাঙ্কা বন্দরে ভিড়ছে। নতুন এই চুক্তি দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করবে।
